‘আমাদের পাড়া আমাদের সমাধান’-কর্মসূচির মাঝে হঠাৎ অশান্তি, পরিস্থিতি পৌঁছলো হাতাহাতিতে

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বাসুরিয়া গ্রামপঞ্চায়েত এলাকায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি ঘিরে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। সরকারি শিবিরে দলেরই এক পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগকারী তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজিত মুর্মু রাতেই গঙ্গারামপুর থানায় তৃণমূলের বুথ সভাপতি মিনারুল ইসলামের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে।

জানা গেছে, গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রামপঞ্চায়েতের আবেশকুড়ি হাই মাদ্রাসায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি চলছিল। ১৭ এবং ১৮ নম্বর বুথে এই শিবিরে বহু মানুষের সমাগম হয়েছিল। স্থানীয় পঞ্চায়েত সদস্য সুজিত মুর্মু সেখানে যান। তার অভিযোগ, বেলা বেশি হওয়ায় কর্মীরা উপভোক্তাদের কাজ করতে চাইছিলেন না।

সুজিত মুর্মু অভিযোগ করেন, তিনি কর্মীদের সেই কাজ করার কথা বলায় বুথ সভাপতি মিনারুল ইসলাম তাকে মারধর করেন। এই ঘটনায় শিবিরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খবর পেয়ে কর্তব্যরত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সুজিত মুর্মু গঙ্গারামপুর থানায় মিনারুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান।

অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি মিনারুল ইসলামের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। এই ঘটনা ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির স্বচ্ছতা এবং তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে প্রশ্ন তুলেছে।