জোর করে লালকেল্লায় ঢোকার চেষ্টা ৫ ‘বাংলাদেশি’র, গ্রেফতার করল পুলিশ

আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তা মহড়ার মধ্যেই দিল্লির লালকেল্লায় জোর করে প্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লি পুলিশের দাবি, মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে এবং তাদের কাছ থেকে বাংলাদেশের কিছু নথিও উদ্ধার করা হয়েছে।
দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান, লালকেল্লার ‘অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্ট’-এর কাছে কর্তব্যরত পুলিশ বাহিনী ওই পাঁচজনকে আটক করে। অভিযুক্তদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের কাছে লালকেল্লায় প্রবেশের কোনো বৈধ অনুমতি ছিল না এবং তারা অন্য কোনো নথিও দেখাতে পারেনি। পুলিশ সূত্রে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিল। পুলিশ কর্মকর্তার দাবি, “তাঁরা সকলেই অনুপ্রবেশকারী এবং জোর করে লালকেল্লা প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করেছিলেন।”

ডিসি রাজা ভাটিয়া জানান, ৪ আগস্ট সকালে সন্দেহজনক এই পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা প্রায় চার-পাঁচ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং দিল্লিতে শ্রমিকের কাজ করত। তারা দাবি করেছে যে, ১৫ জুলাই থেকে লালকেল্লা জনসাধারণের জন্য বন্ধ রয়েছে, সে বিষয়ে তারা জানত না। যদিও তাদের কাছ থেকে বাংলাদেশি নথি উদ্ধার হয়েছে, তবে জিজ্ঞাসাবাদের সময় কোনো সন্দেহজনক জিনিস বা কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ সূত্র থেকে আরও জানা গেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে। বর্তমানে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাধীনতা দিবসের আগে লালকেল্লার মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনায় দিল্লির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।