শিবের মাথায় জল ঢালতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল যুবক, বজবজে মর্মান্তিক ঘটনা

শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে বজবজের চিত্তরঞ্জন কালীবাড়িতে এসেছিলেন তারাতলার এক মহিলা তাঁর দুই সন্তানকে নিয়ে। কিন্তু ধর্মীয় বিশ্বাস আর ভক্তি শেষে পরিণত হলো এক মর্মান্তিক ঘটনায়। জল ঢেলেও শেষ রক্ষা হলো না, এক সন্তানের নিথর দেহ নিয়ে বাড়ি ফিরতে হলো সেই মাকে। ঘটনাটি বজবজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বজবজের চিত্তরঞ্জন কালীবাড়ি বহু দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের কাছে এক পরিচিত স্থান। বিশেষ করে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে অসংখ্য ভক্তের সমাগম ঘটে এখানে। তারাতলার বাসিন্দা ওই মহিলাও তাঁর আঠারো বছর বয়সী ছেলে শুভম সাউ এবং অন্য সন্তানকে নিয়ে পুজো দিতে এসেছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুজো শেষে তিনজন গঙ্গায় স্নানে নামেন। সেই সময় আঠারো বছর বয়সী শুভম সাউ ভাঁটা দেখে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করেন এবং একপর্যায়ে বেশি গভীর জলে চলে যান। যেহেতু তিনি সাঁতার জানতেন না, তাই দ্রুতই তলিয়ে যান। এই ঘটনায় হইচই শুরু হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। এরপর স্থানীয় ‘জলসাথী’ কর্মীরা খোঁজাখুঁজি করে শুভমের দেহ উদ্ধার করেন। দ্রুত তাকে বজবজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মৃত শুভমের দাদা বলেন, “আমরা তারাতলা থেকে পুজো করতে এসেছিলাম। গঙ্গায় স্নান করছিলাম আমরা। ও দু-তিনবার গঙ্গায় ডুব দিল। চারবারের বার আর দেখাই গেল না। এরপর আমরা খুঁজতে শুরু করি। তারপর না পেয়ে শেষে পুলিশকে জানাই।” শ্রাবণ মাসের এই পুণ্য লগ্নে এমন মর্মান্তিক ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।