বিপদে শেখ শাহজাহান! হাইকোর্টে ‘খারিজ’ আবেদন, বহাল থাকল CBI তদন্তের নির্দেশ

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) জন্য বড় ধাক্কা। দুটি খুনের ঘটনার সিবিআই (CBI) তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে তাঁর করা আবেদন খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করার মতো কোনো গ্রহণযোগ্য কারণ নেই।

মামলার প্রেক্ষাপট

সন্দেশখালিতে ২০১৯ সালের ৮ জুন দুই বিজেপি কর্মীর খুনের ঘটনা ঘটে। সেই সঙ্গে এক ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে শেখ শাহজাহান ডিভিশন বেঞ্চে একটি আবেদন করেন। কিন্তু সোমবার ডিভিশন বেঞ্চ তাঁর আবেদনে কোনো হস্তক্ষেপ করেনি। এর ফলে খুনের ঘটনার সিবিআই তদন্ত বহাল রইল।

আদালতে কী ঘটেছে?

গত সোমবার এই মামলার শুনানি শেষ হয়েছিল এবং আদালত রায়দান স্থগিত রেখেছিল। এই সোমবার রায় ঘোষণা করা হয়। শুনানির সময় শাহজাহানের আইনজীবীরা প্রশ্ন তোলেন, তাদের মক্কেলকে অভিযুক্ত করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলেও কেন মামলার আবেদনকারীরা তাকে মূল মামলায় যুক্ত করেননি। এই প্রশ্নের উত্তরে বিচারপতি দেবাংশু বসাক বলেছিলেন, “আপনাদের বক্তব্যে আদালতের প্রশ্নগুলির কোনো জবাব নেই। যেখানে সিঙ্গেল বেঞ্চ রায়ে স্পষ্ট করে দিয়েছে যে, আপনার মক্কেলের যুক্ত হওয়া অপ্রয়োজনীয়, সেখানে আপনার এই আবেদন করার এক্তিয়ার কী?”

নাম নিয়ে টানাপোড়েন

এই খুনের ঘটনার প্রাথমিক তদন্ত করেছিল সিআইডি (CID)। ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তখন সেই সময়ের তৃণমূল নেতা শাহজাহানের নাম সেখানে ছিল। কিন্তু পরে সিআইডি-র চার্জশিট থেকে তার নাম বাদ পড়ে যায়। এরপর এক মৃত বিজেপি কর্মীর স্ত্রী ওই চার্জশিটকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, যা এখন ডিভিশন বেঞ্চও বহাল রেখেছে।