ক্যান্সারে আক্রান্ত শিশুকন্যাকে পার্সেল বক্সে নিয়ে ফুড ডেলিভারি মায়ের, নেটিজেনদের চোখে জল

জীবনযুদ্ধে হার না মানা এক মায়ের অবিশ্বাস্য সংগ্রাম এখন বিশ্বজুড়ে নেটিজেনদের মন ছুঁয়ে যাচ্ছে। ২৫ বছর বয়সী এক চীনা মা, তার ৪ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত শিশুকন্যাকে ডেলিভারি বক্সের ভেতর নিয়ে দিনরাত ফুড ডেলিভারির কাজ করে চলেছেন। হৃদয়বিদারক এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অসংখ্য মানুষ এই মায়ের প্রতি সহানুভূতি ও সমর্থন জানিয়েছেন।
জানা গেছে, চীনের আনহুই প্রদেশের বাসিন্দা ঝু নামের এই মা তার শিশুকন্যা নুওক্সিকে নিয়ে প্রতিদিন ইলেকট্রিক সাইকেলে চেপে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেন। তার মেয়ের ক্যান্সারের চিকিৎসা এতটাই ব্যয়বহুল যে, আলাদা করে কেয়ারটেকার রাখার সামর্থ্য তার নেই। ফলে, কাজের সময়ও তিনি তার অসুস্থ সন্তানকে এক মুহূর্তের জন্যেও কাছছাড়া করতে পারেন না। মেয়েকে চোখের আড়াল না করতে পারার এই আকুলতা এবং একইসঙ্গে জীবনধারণের কঠিন সংগ্রাম অসংখ্য মানুষকে আবেগাপ্লুত করেছে।
ক্যান্সারের সঙ্গে দুই বছরের লড়াই:
ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যেও মেয়েটি নিরাপদে পার্সেল বক্সের ভেতরে ঘুমাচ্ছে বা খেলছে, আর মা অক্লান্তভাবে প্যাডেল করে চলেছেন। ঝু জানিয়েছেন, আজ থেকে প্রায় দুই বছর আগে তার মেয়ের শরীরে টিউমার ধরা পড়ে। এরপর থেকে নুওক্সির জীবনে নেমে এসেছে কঠিন লড়াই। ইতিমধ্যেই তার তিনবার অস্ত্রোপচার হয়েছে, নয়টি কেমোথেরাপি এবং বারোটি রেডিওথেরাপি দেওয়া হয়েছে। মেয়ের চিকিৎসার সমস্ত খরচ একাই বহন করতে হচ্ছে এই মাকে।
ইনস্টাগ্রামে @mustsharenews নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে, যা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। ক্যাপশনে লেখা হয়েছে, গ্রাহকদের দেরিতে ডেলিভারি পাওয়ার অভিযোগ সম্পর্কে তিনি সচেতন, তবুও সন্তানের সঙ্গে প্রতিটি মুহূর্ত কাটাতে চান। ঝু জানিয়েছেন, মাঝেমধ্যে জিনিসপত্র দেরিতে পৌঁছে দেওয়ার জন্য তাকে অভিযোগ শুনতে হয়, কিন্তু তার কাছে মেয়ের সঙ্গে থাকাটাই সবচেয়ে জরুরি। মেয়ের প্রতি তার এই নিঃশর্ত ভালোবাসা এবং প্রতিকূলতার বিরুদ্ধে তার অদম্য লড়াই সত্যিই অনুপ্রেরণামূলক।
এই ভিডিওটি কেবল একটি মর্মস্পর্শী দৃশ্য নয়, এটি লাখ লাখ মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে আর্থিক সংকট এবং অসুস্থতা সত্ত্বেও মাতৃত্বের শক্তি মানুষকে সমস্ত বাধা পেরিয়ে যেতে শেখায়।