মেদিনীপুরকে টক্কর…! এবার রংবেরঙের ফুল চাষে নামল এই জেলা, কতটা সুবিধা পাবে ক্রেতারা? জানুন বিস্তারে

পুরুলিয়া জেলার কাশীপুরের প্রত্যন্ত গ্রাম গগনাবাদ এখন ফুল চাষের জন্য পরিচিতি লাভ করেছে। এই গ্রামের প্রায় ৮০ শতাংশেরও বেশি মানুষ ফুল চাষের সঙ্গে যুক্ত হয়ে উপার্জনের নতুন দিশা দেখাচ্ছেন। একসময় যেখানে গ্রামের অধিকাংশ মানুষ সনাতন কৃষিকাজের উপর নির্ভরশীল ছিলেন, সেখানে বর্তমানে সবজি চাষ ছেড়ে রংবেরঙের ফুল, ফল ও সবজির চারা উৎপাদনে মনোযোগ দিয়েছেন।
লাভজনক ফুল চাষ
গ্রামের বাসিন্দারা জানান, বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ এবং ফসলের সঠিক দাম না পাওয়ার কারণে সবজি চাষে লোকসান হচ্ছিল। এই কারণে তারা ফুল চাষের মতো বিকল্প চাষাবাদ বেছে নেন। এখন ফুল চাষ করেই লাভের মুখ দেখছেন গগনাবাদ গ্রামের চাষিরা। তাদের উৎপাদিত ফুলের চারা শুধু পুরুলিয়া জেলাতেই নয়, ধানবাদ, আসানসোল, বাঁকুড়া এবং এমনকি ঝাড়খণ্ড রাজ্যেও বিক্রি হচ্ছে।
পুরো গ্রামই ফুল বাগান
গগনাবাদে গেলে চোখে পড়ে গ্রামের দু’পাশের জমিতে সারিবদ্ধভাবে ফুলের চাষ। বিভিন্ন প্রজাতির ফুলের চারা ছাড়াও এখানে রকমারি ফলের চারা এবং সবজির চারাও তৈরি করা হয়। গ্রামের ফুল চাষিদের দাবি, তাদের উৎপাদিত চারাগুলোর সারা বছরই বিশেষ চাহিদা থাকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন চারা কিনতে এই গ্রামে আসেন।
এই উদ্যোগের ফলে একদিকে যেমন গ্রামের মানুষের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে, তেমনই ক্রেতারাও সহজে মানসম্মত চারা পাচ্ছে। গগনাবাদের এই ফুল চাষের মডেল অন্যান্য জেলার কৃষকদেরও বিকল্প চাষের পথ দেখাচ্ছে।