প্রথম মাতৃত্বের পর জন্মদিন, পরিবার ও সন্তানের সাথে বিশেষ এই দিন উদযাপন কিয়ারার, কাটলেন কেক

অভিনেত্রী কিয়ারা আডবানি গতকাল, শুক্রবার (৩১ জুলাই) তাঁর ৩৪তম জন্মদিন পালন করলেন। মা হওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম জন্মদিন, যা তিনি পরিবার-পরিজন এবং স্বামী সিদ্ধার্থ মালহোত্রার উপস্থিতিতে কেক কেটে উদযাপন করেন। এই বিশেষ দিনে নতুন মায়ের জন্য আনা হয়েছিল একটি অনবদ্য কেক।
জন্মদিনের সেই স্পেশাল কেকের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে কিয়ারা আডবানি লেখেন, “আমার সবথেকে স্পেশাল জন্মদিন। আমার সন্তান, আমার স্বামী এবং আমার অভিভাবকদের ঘিরে আজ এই দিনটি আমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল। ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানানোর জন্য।”
তিনি যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে একটি মা তাঁর সন্তানকে আঁকড়ে ধরে রেখেছেন। মায়ের পেছনে যেন হাজারটি ডানা রয়েছে, দেখে মনে হচ্ছে যেন তিনি কোনো পরী। শিশুটি মায়ের কাছে নিজেকে সুরক্ষিত মনে করছে। এই ছবিটি যেন নবজাতক মায়ের প্রতিচ্ছবি হিসেবে কিয়ারার জীবনের নতুন অধ্যায়কে ফুটিয়ে তুলেছে।
কিয়ারার জন্মদিনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রাও তাঁর স্ত্রীর একটি ছবি শেয়ার করে ভালোবাসামাখা শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, “পৃথিবীর যে কোনো জায়গায় আমার সবথেকে প্রিয় মানুষ। শুভ জন্মদিন ভালোবাসা।” ছবিতে অভিনেত্রীকে একটি গোলাপি রঙের শর্ট ড্রেস পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
প্রসঙ্গত, কিয়ারার জন্মদিনেই তাঁর আসন্ন ছবি ‘ওয়ার ২’-এর একটি গান মুক্তি পেয়েছে। এই গানে হৃতিক রোশনের সঙ্গে কিয়ারার অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। অনেকে আবার কিয়ারাকে দীপিকা পাড়ুকোনের সঙ্গেও তুলনা করেছেন। গানটি শুধু হিন্দি ভাষায় নয়, তেলুগু এবং তামিল ভাষাতেও মুক্তি পেয়েছে। ছবিটি আগামী ১৪ অগাস্ট বড় পর্দায় মুক্তি পাবে।
উল্লেখ্য, গত মাসের ১৫ তারিখ (জুলাই) কিয়ারা এক কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পরই সিদ্ধার্থ এবং কিয়ারা সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তবে বলিউডের অন্যান্য তারকা জুটির মতোই, এই দম্পতিও নিজেদের মেয়ের মুখ এখনও পর্যন্ত সর্বসমক্ষে আনেননি। মাতৃত্বের এই নতুন অধ্যায়ে কিয়ারার প্রথম জন্মদিন তাই তাঁর জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করছে।