‘সাইয়ারা’ ও ‘ধড়ক ২’-এর দাপট আটকাতে পারবে কি সর্দার ২? প্রথম দিনে কেমন ব্যবসা অক্ষয়ের ছবির

শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অজয় দেবগণ ও ম্রুণাল ঠাকুর অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘সন অফ সর্দার ২’। দীর্ঘ প্রতীক্ষার পর এই ছবিটি বক্স অফিসে কেমন ফল করে, এখন সেটাই দেখার। কারণ, বর্তমানে প্রেক্ষাগৃহে রীতিমতো দাপট দেখাচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ এবং ‘ধড়ক ২’। একই দিনে মুক্তি পেলেও, ‘সাইয়ারা’ ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে অনেকটাই এগিয়ে রয়েছে। এই কঠিন প্রতিযোগিতার মাঝে ‘সন অফ সর্দার ২’ কতটা নিজের জায়গা তৈরি করে নিতে পারবে, তা নিয়েই চলছে জোর আলোচনা।

ফিল্ম মিউজ নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ‘সন অফ সর্দার ২’-এর প্রথম দিনের অগ্রিম বুকিং হয়েছে ২.০৩ কোটি টাকা। প্রথম দিনের বক্স অফিস পূর্বাভাস বলছে, এই ছবিটি ৫-৬ কোটি টাকার আশেপাশে আয় করতে পারে।

উল্লেখ্য, ‘সন অফ সর্দার ২’ এর আগে ২৫ জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও, পরে এর মুক্তির তারিখ পিছিয়ে ১ আগস্ট করা হয়। শুধু তাই নয়, দর্শক টানতে ‘বুক মাই শো’ ছবিটির বুকিংয়ের সময় ৫০ শতাংশ ছাড়ও রেখেছে। তবে ‘সন অফ সর্দার ২’-এর জন্য পরিস্থিতি আরও কঠিন হতে চলেছে, কারণ সপ্তাহখানেকের মধ্যেই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ‘ওয়ার ২’। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, কিয়ারা আদবানি এবং হৃতিক রোশন। ‘ওয়ার ২’-এর মতো বড় বাজেটের এবং তারকা সমৃদ্ধ ছবির আগমন ‘সন অফ সর্দার ২’-এর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সবদিক বিচার করে ফিল্ম বিশেষজ্ঞরা মনে করছেন, ‘সন অফ সর্দার ২’ ছবির ভাগ্য খুব একটা সুপ্রসন্ন নাও হতে পারে। ১০০ কোটি টাকার ঘরে পৌঁছানোও এই ছবির জন্য কঠিন হয়ে যাবে, যদি না অজয় দেবগণ ও ম্রুণাল ঠাকুর অভিনীত ছবিটি দর্শকদের মনে গভীরভাবে ছাপ ফেলতে পারে। বাকিটা সময়ই বলবে।

প্রসঙ্গত, অজয় দেবগণের শেষ ছবি ছিল ‘রেড ২’, যা ভারতে ১৭৩.০৫ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ২৩৭ কোটি টাকা আয় করেছিল। সেই সাফল্যের পর ‘সন অফ সর্দার ২’ কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার।