কৃষকদের অনুদানের টাকায় সরকারি বাবুদের বিলাসিতা, বিধানসভায় রিপোর্ট জমা পড়তেই চাঞ্চল্য

কৃষকদের জন্য বরাদ্দ করা অনুদানের টাকা সরকারি আমলা ও মন্ত্রীদের ব্যক্তিগত কাজে ব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশে। বৃহস্পতিবার বিধানসভায় কৃষকদের ফার্টিলাইজ়ার ডেভেলপমেন্ট ফান্ড সংক্রান্ত CAG (Comptroller and Auditor General) রিপোর্ট জমা পড়ার পর রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল।
CAG রিপোর্টে কী আছে?
সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, প্রকাশিত CAG রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত কৃষকদের উন্নয়নের জন্য অনুমোদিত তহবিল থেকে সরকারি আধিকারিক, বিশেষ করে আমলা এবং মন্ত্রীদের গাড়ির তেল ভরা, সার্ভিসিং এবং চালকদের বেতন দেওয়া হয়েছে। অর্থাৎ, যে টাকা কৃষকদের সার প্রদান, প্রশিক্ষণ এবং ভর্তুকি দেওয়ার কথা ছিল, সেই টাকা দিয়ে আমলা-মন্ত্রীরা সফর করেছেন।
রিপোর্টে আরও বলা হয়েছে, এই পাঁচ বছরে কৃষকদের জন্য ধার্য করা টাকার প্রায় ৯০ শতাংশই রাজ্যের সরকারি গাড়িগুলিতে খরচ করা হয়েছে। কেবল ২০টি সরকারি গাড়ির জন্য ২.২৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই পুরো সময়কালে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কিছু সময়ের জন্য কমলনাথ।
প্রশাসনের সাফাই খারিজ
এর আগে গত বছরও রাজ্যের স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশনের গাড়ির পেছনে বিপুল খরচ নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন কর্পোরেশনের এক আধিকারিক যুক্তি দিয়েছিলেন যে এই গাড়িগুলি কৃষকদের কাছে ঠিকভাবে সার পৌঁছাচ্ছে কিনা তা নিশ্চিত করতে টহলদারির কাজে ব্যবহার করা হয়। তবে চলতি বছরের CAG রিপোর্টে সেই যুক্তি খারিজ করে বলা হয়েছে, সরকারি গাড়ির খরচ প্রকল্পের মূল উদ্দেশ্যকেই ছাপিয়ে গিয়েছে।
এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে। বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।