SPORTS: সোবার্স-গাভাসকার পিছনে, ওভালে একাধিক রেকর্ড গড়লেন শুভমান গিল

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের অপ্রতিরোধ্য পারফরম্যান্স অব্যাহত রয়েছে। লন্ডনের কেনিংটন ওভালে শুরু হওয়া সিরিজের শেষ টেস্টের প্রথম দিনেই শুভমান একাধিক রেকর্ড ভেঙেছেন, যা ক্রিকেট বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
শুভমান গিল এখন দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া (সেনা) দেশগুলিতে এক টেস্ট সিরিজে সর্বাধিক রান করা বিদেশি অধিনায়ক হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। তিনি ভেঙে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের ১৯৬৬ সালের রেকর্ড। সেবার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে অধিনায়ক হিসেবে সোবার্স করেছিলেন ৭২২ রান। শুভমানের ব্যাট থেকে আজ আরও একটি অসাধারণ ইনিংস এসেছে।
সুনীল গাভাস্কারের রেকর্ডও অতিক্রম করলেন
কেবল সোবার্সই নন, শুভমান গিল ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজে সর্বাধিক রানের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল কিংবদন্তি সুনীল গাভাস্কারের দখলে, যিনি ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম টেস্ট সিরিজে ৭৩২ রান করেছিলেন। এই তালিকায় শুভমান ও গাভাস্কারের পর রয়েছেন বিরাট কোহলি।
টেস্ট সিরিজে ভারতীয় অধিনায়কদের সর্বাধিক রান:
৭৩৩* – শুভমান গিল বনাম ইংল্যান্ড, ২০২৫
৭৩২ – সুনীল গাভাস্কর বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭৮/৭৯
৬৫৫ – বিরাট কোহলি বনাম ইংল্যান্ড, ২০১৬/১৭
৬১০ – বিরাট কোহলি বনাম শ্রীলঙ্কা, ২০১৭/১৮
৫৯৩ – বিরাট কোহলি বনাম ইংল্যান্ড, ২০১৮
ওভাল টেস্ট শুরু হওয়ার আগে, গ্যারি সোবার্সের রেকর্ড ভাঙতে শুভমানের প্রয়োজন ছিল মাত্র ১ রান, আর সুনীল গাভাস্কারের রেকর্ড ভাঙতে দরকার ছিল ১১ রান। ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনেই শুভমান এই দুই কিংবদন্তির মাইলফলক অতিক্রম করেন। এই টেস্টে তিনি আরও বেশ কিছু রেকর্ড গড়তে পারেন বলে আশা করা হচ্ছে।
ভারতীয় দলে চারটি পরিবর্তন
ওভাল টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলের প্লেয়িং-১১-তে চারটি পরিবর্তন আনা হয়েছে। ঋষভ পন্ত, জসপ্রীত বুমরাহ, অংশুল কাম্বোজ এবং শার্দুল ঠাকুর এই ম্যাচে নেই। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন যথাক্রমে ধ্রুব জুরেল, প্রসিধ কৃষ্ণ, আকাশ দীপ এবং করুণ নায়ার। জানা গেছে, চোটের কারণে ঋষভ পন্ত এই টেস্ট থেকে ছিটকে গেছেন এবং জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, অংশুল কাম্বোজ এবং শার্দুল ঠাকুরকে বাদ দেওয়া হয়েছে দল থেকে।