অপারেশন সিঁদুর নিয়ে সংসদে মোদী, এমন হামলা করেছি যা কেউ ভাবতেও পারেনি

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর ভারতীয় সেনার চালানো ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মঙ্গলবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেন, “এমন হামলা করেছি যে কেউ কখনও ভাবতেও পারেনি।” পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংসকারী এই অভিযান নিয়ে মোদী ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করেন এবং পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেন, “ভারতীয় সেনা ১০০ শতাংশ সফল হয়েছে। যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, সেভাবেই হামলা করা হয়েছে। এমন এমন জায়গায় হামলা হয়েছে যেখানে আগে কেউ ঢোকার কল্পনা পর্যন্ত করেনি।” তিনি আরও যোগ করেন, অতীতে জঙ্গি হামলার পর জঙ্গিরা নিশ্চিন্ত থাকত, কারণ তারা জানত পাল্টা আক্রমণ হবে না এবং তারা পরবর্তী হামলার প্রস্তুতি নিত। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন: “আর এখন, জঙ্গিরা ঠিক মতো ঘুমোতে পারে না। কারণ জানে, ভারত আসবে, পাল্টা মেরে চলে যাবে।”
মোদী এদিন আরও জানান যে, ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের পক্ষ থেকে পরমাণু হামলার হুঁশিয়ারি এসেছিল। তাঁর কথায়, “পরমাণু হুমকি এসেছিল। ৬ মে রাত এবং ৭ মে সকালে ভারত যা স্থির করেছিল, তা করে। পাকিস্তান কিছু করতে পারেনি। পাকিস্তানের কোণে কোণে জঙ্গিদের আড্ডা ধ্বংস করা হয়েছে।” এই প্রসঙ্গে তিনি পাক সেনাকে কার্যত খোঁচা দিয়ে বলেন, পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে বড় ক্ষতি হয়েছে এবং “এখনও কয়েকটি এয়ারবেস আইসিইউতে রয়েছে!”
প্রধানমন্ত্রী এই কথাও স্পষ্ট করে দেন যে, ‘অপারেশন সিঁদুর’ এখনও চলছে। তিনি সতর্ক করে দেন যে, পাকিস্তান যদি আবারও এমন কোনও হামলার ছক কষে, তাহলে ভারত তার কড়া জবাব দেবে। মোদীর এই বক্তব্য দেশের প্রতিরক্ষা সক্ষমতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানকে আরও একবার তুলে ধরল।