সুন্দরবনে ঠিক কোন কোন অঞ্চলে বাঘ দেখা যায়? জেনেনিন কোন সময়ে সম্ভাবনা বেশি?

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক আবাসভূমি। এখানকার ঘন নদীখাঁড়ি, কাদামাটির চর, এবং বিস্তৃত সবুজ অরণ্যের মাঝে দাপিয়ে বেড়ায় ভারতের জাতীয় পশু। বন্যপ্রাণী প্রেমীদের কাছে একবার হলেও এই রাজকীয় প্রাণীর দেখা পাওয়া এক স্বপ্ন। সুন্দরবনের বিশাল এলাকা এবং বাঘের সতর্ক প্রকৃতির কারণে তাদের দেখা পাওয়া যেমন রোমাঞ্চকর, তেমনই ভাগ্যের ব্যাপার। তবে সঠিক সময় এবং স্থান নির্বাচন করলে এই বিরল সৌভাগ্য লাভের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।
কখন গেলে বাঘ দেখার সম্ভাবনা বেশি?
বনদফতরের কর্মীদের মতে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকালই বাঘ দেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ে তাপমাত্রা কমে আসে এবং জলস্তর হ্রাস পায়, ফলে বাঘেরা শিকারের খোঁজে বা জল পান করার জন্য নদী ও খাঁড়ির ধারে চলে আসে। এছাড়াও, শীতকালে গাছের পাতা ঝরে যাওয়ায় জঙ্গলের ভেতরের দৃশ্যমানতা বাড়ে, যা বাঘ পর্যবেক্ষণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে।
পর্যটকদের জন্য সকাল বা বিকেলের সময় বাঘ দেখার সম্ভাবনা বেশি। কারণ, দুপুরের তীব্র গরমে বাঘেরা গভীর জঙ্গলে আশ্রয় নেয় এবং তাদের কার্যকলাপ কমে যায়। ওয়াইল্ড লাইফ পর্যবেক্ষক শমীক দত্তের মতে, “বাঘের মুভমেন্ট সকাল ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেশি থাকে। তবে গরমের দুপুরে বাঘেরা হেঁতালের জঙ্গলে ঢুকে বসে থাকে।” তিনি আরও জানান, “এখন সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। গর্ভবতী বাঘিনীরা লোকালয়ের কাছাকাছি চলে আসে মুরগি, হাঁস শিকারের খোঁজে।”
সুন্দরবনের কোন কোন এলাকায় বাঘ দেখার সম্ভাবনা বেশি?
১. সজনেখালি অভয়ারণ্য ও ওয়াচ টাওয়ার: সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি। এখানে একটি ওয়াচ টাওয়ার, মিউজিয়াম এবং বন দফতরের অফিস রয়েছে। সজনেখালির আশেপাশে বাঘের চলাচল নিয়মিত লক্ষ্য করা যায় এবং অনেকেই এখানে বাঘের দেখা পান। শমীক দত্তের মতে, “বাঘ দেখতে গেলে রিমোট এলাকাগুলোতে যেতে হয়, কিন্তু ঝুঁকির কারণে সাধারণ পর্যটকদের সেসব জায়গায় যেতে দেওয়া হয় না। তাই সজনেখালির কাছে গেলে বাঘের দেখা মেলার সম্ভাবনা বেশি। তবে সেসব বাঘের মধ্যে বাঘিনীই বেশি।”
২. সুধান্যখালি ওয়াচ টাওয়ার: এই এলাকাটি বাঘের জলপান এবং চলাচলের জন্য সুপরিচিত। এখানকার ওয়াচ টাওয়ার থেকে নদী ও বনভূমির বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ করা যায়।
৩. দোবাঙ্কি ক্যানপি ওয়াক: এটি একটি আকর্ষণীয় পর্যবেক্ষণ পথ, যেখানে উঁচু কাঠের পুলের উপর দিয়ে হেঁটে বাঘসহ বিভিন্ন বন্যপ্রাণী দেখা যেতে পারে।
৪. নেতিধোপানি: ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি, এই অঞ্চলেও বাঘের নিয়মিত উপস্থিতি লক্ষ্য করা যায়। এখানে প্রবেশের জন্য আলাদা অনুমতি প্রয়োজন।
৫. পীরখালি, পাঁচমুখানি, গোসাবা খাঁড়ি অঞ্চল: এই এলাকাগুলিতে নদীপথে ঘোরার সময় কাছ থেকে বাঘ দেখার সুযোগ মেলে। অনেক পর্যটক এই অঞ্চলেই বাঘকে সাঁতার কাটতে দেখেছেন।
পর্যটকদের জন্য সতর্কতা:
বনবিভাগের এক আধিকারিক জানিয়েছেন, “গত কয়েক বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। শীতকালে পর্যবেক্ষণ টিম প্রায়শই বাঘের চলাচল নজরে রাখে, বিশেষত জলের ধারে।” তবে বাঘ দেখার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি:
অনুমোদিত নৌকা ও গাইড ছাড়া জঙ্গলে প্রবেশ করা আইনত দণ্ডনীয় অপরাধ।
নৌকা বা জেটি থেকে কোনোভাবেই নেমে আসা উচিত নয়।
বাঘের খোঁজে অতি উৎসাহী হয়ে ঝুঁকি নেওয়া উচিত নয়।
ক্যামেরা ব্যবহার করার সময় শব্দ বা ফ্ল্যাশ ব্যবহার না করাই শ্রেয়।
সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া নিঃসন্দেহে এক বিরল অভিজ্ঞতা। সঠিক সময়, স্থান নির্বাচন এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চললে এই রোমাঞ্চকর মুহূর্তকে বাস্তবে পরিণত করা সম্ভব। বাঘের গর্জন শোনা বা তাকে চোখের সামনে দেখে নেওয়ার অভিজ্ঞতা নিঃসন্দেহে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে উঠতে পারে।