অপারেশন সিঁদুরের গুরুদায়িত্ব পালন করে ঘরে ফিরলেন শান্তিপুরের দীপ, উৎসবের ঢেউ গ্রামে

ভারত-পাকিস্তান যুদ্ধ পরবর্তী থমথমে পরিস্থিতির মাঝে ‘অপারেশন সিঁদুর’-এর মতো গুরুদায়িত্ব সাফল্যের সাথে পালন করে অবশেষে ঘরে ফিরলেন নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের আরবলদা গ্রামের কৃতি সন্তান, সেনাকর্মী দীপ বিশ্বাস। তার গ্রামে ফেরার খবরে গোটা আরবলদা জুড়েই উৎসবের আবহ। দীপকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে ছুটে আসেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।

অত্যন্ত অভাবী এবং কৃষি পরিবারের ছেলে দীপ। তার ছোট ভাই অষ্টম শ্রেণীতে পড়ে। ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পরেই দীপ ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীর হিসেবে যোগ দেন। তার প্রথম পোস্টিং ছিল হায়দরাবাদে। সাত মাস পর তিনি বাড়িতে আসেন এবং এরপর অসম ও অরুণাচল প্রদেশে কর্তব্যরত ছিলেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি দ্বিতীয়বারের মতো বাড়িতে এসেছিলেন এবং এরপর তাকে জম্মুতে মোতায়েন করা হয়।

সম্প্রতি পহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিদের হাতে ভারতীয় পর্যটকদের গুলি করে হত্যার ঘটনার পর ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সেই ‘অপারেশন সিঁদুর’-এর গুরুত্বপূর্ণ অংশ ছিলেন দীপ বিশ্বাসও। এই অভিযানের সময় পরিবারের সঙ্গে তার অনিয়মিত যোগাযোগ ছিল এবং পরিবারের দুশ্চিন্তা কমাতে তিনি অনেক কথাই গোপন রেখেছিলেন।

অবশেষে এই তরুণ সেনাকর্মী তার নিজ গ্রামে ফিরে আসতেই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয়ের বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং স্থানীয় ক্লাবের সদস্যরা তার সঙ্গে দেখা করতে ছুটে আসেন। দীপের সাহসী ভূমিকা এবং দেশের প্রতি তার নিবেদিত প্রাণ কাজের জন্য গ্রামবাসীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। আরবলদা গ্রাম জুড়ে যেন এক বিজয়ের উৎসব শুরু হয়েছে, যা দীপের বীরত্ব এবং দেশপ্রেমের প্রতি এক সম্মিলিত শ্রদ্ধা জ্ঞাপন।