ভোটার তালিকা থেকে নাম বাদ ও ‘পুশব্যাক’ বিতর্ক, প্রধানমন্ত্রীকে সরাসরি নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং বাংলা ভাষাভাষীদের বাংলাদেশে ‘পুশব্যাক’ করার সাম্প্রতিক অভিযোগ ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম। এই বিতর্কের মধ্যেই এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর জন্ম সংক্রান্ত তাঁরই পুরনো একটি মন্তব্যকে টেনে এনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করে বলেছেন, নরেন্দ্র মোদিকে ‘পুশব্যাক’ করে দেব-দেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। শ্রীরামপুরের সাংসদের এই বিস্ফোরক মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলেছে।
রবিবার উত্তরপাড়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “নরেন্দ্র মোদি নিজেই একসময় বলেছিলেন যে তিনি ‘বায়োলজিক্যাল সন্তান’ নন, ‘স্পিরিচুয়াল সন্তান’। যদি নরেন্দ্র মোদির বায়োলজিক্যালি জন্মই না-হয়ে থাকে, তাহলে তিনি তো ভারতীয় নাগরিক নন! মা কালী বা শ্রীরামও তো বায়োলজিক্যালি জন্ম নেননি। তাহলে কি তাঁরা ভারতীয় নাগরিক? যদি তাঁর নাম ভোটার তালিকায় না থাকে, তবে কি তাঁকে ‘পুশব্যাক’ করে দেব-দেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত?” তাঁর এই মন্তব্য দেশের নাগরিকত্ব ও জন্মগত পরিচিতি নিয়ে প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
উল্লেখ্য, গত বছর মে মাসে একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে, মা জীবিত থাকাকালীন তিনি নিজেকে বায়োলজিক্যাল সন্তান মনে করতেন। কিন্তু মা চলে যাওয়ার পর তাঁর এই বিশ্বাস জন্মেছে যে ঈশ্বরই তাঁকে পৃথিবীতে পাঠিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর এই মন্তব্যকেই হাতিয়ার করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিউ’ (SIR) প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেন।
অনুষ্ঠানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা ও বাঙালির অস্তিত্ব রক্ষার উপর জোর দেন। তিনি বলেন, “যারা বাংলাকে ছোট করবে, বাংলা ভাষাকে ছোট করবে, তাদের আমরা কখনও মেনে নিতে পারব না। সব ধর্ম, জাতি এবং সব ভাষাভাষীর মানুষকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু আমাদের বাংলা ভাষাকে কেউ যদি ছোট করতে চায়, বাংলা ভাষায় কথা বললে কাউকে যদি গ্রেফতার করে, তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব।” তিনি আরও যোগ করেন, “বাংলা আমার দৃপ্ত স্লোগান, এই স্লোগানের মধ্যে দিয়েই আমরা বড় হয়েছি। বাংলা ভাষাকে সহ্য না-করতে পারলে থাকবেন না।”
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস বাঙালি এবং বাংলা ভাষার প্রতি তাদের সমর্থন আরও জোরালো করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, কেন্দ্রের বিজেপি সরকার ভোটার তালিকা নিয়ে কারসাজি করছে এবং বিজেপি সমর্থক ছাড়া কাউকে ভোটার হিসেবে রাখতে চাইছে না। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং বলেন, “নির্বাচন কমিশনও তাই। বিজেপির পার্টি অফিস থেকে মুচলেকা নিয়ে এসো, তবে তোমার নাম ভোটার লিস্টে থাকবে।”
তিনি বাঙালিদের প্রতি গর্জে ওঠার আহ্বান জানিয়ে বলেন, “এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে আমাদের। সারা বাংলা, ভারতব্যাপী আন্দোলন করতে হবে। স্বাধীনতা যুদ্ধে বাঙালিরা এক নম্বর জায়গায় ছিল, তারপর ছিল পঞ্জাবীরা। আমরা লাল চোখ সহ্য করব না। নরেন্দ্র মোদি জেনে রাখুন, বাঙালিদের রোষেই কিন্তু আপনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হবে।” এই মন্তব্যগুলি আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরও উত্তাপ ছড়াবে বলেই মনে করা হচ্ছে।