GPT-5 চালুর প্রস্তুতি নিচ্ছে ওপেনএআই? AI প্রযুক্তিতে ফের নতুন বিপ্লবের সম্ভাবনা

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে অগ্রদূত মার্কিন এআইনির্ভর কোম্পানি ওপেনএআই খুব শীঘ্রই তাদের নতুন জিপিটি-৫ মডেল চালু করতে যাচ্ছে। প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এই পরিকল্পনার সঙ্গে জড়িত সূত্রগুলো আভাস দিয়েছে যে, আগস্ট মাসেই এই নতুন সংস্করণের জিপিটি-৫ মডেল উন্মোচন করতে পারে তারা।
মূলত এই গ্রীষ্মেই নতুন মডেলটি চালু হওয়ার কথা ছিল, যা ওপেনএআই একটি উন্নত এআই সিস্টেম হিসেবে উপস্থাপন করবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন জিপিটি-৫ মডেলটি কেবল একটি একক এআই মডেল না হয়ে, বিভিন্ন মডেলকে একত্রিত করে কাজ করবে এবং নানা ধরনের কাজ সম্পাদন করতে সক্ষম হবে। তবে, মাইক্রোসফটের সহায়তাপুষ্ট চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানিটি এই বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে এখনো কোনো সাড়া দেয়নি।
জিপিটি-৫ এর উদ্ভাবনী দিক
এর আগে, ফেব্রুয়ারিতে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান জানিয়েছিলেন, নতুন জিপিটি-৫ মডেলে তারা তাদের ‘০৩’ মডেল সহ আরও কিছু প্রযুক্তি একত্রিত করবেন। এর মূল উদ্দেশ্য হলো, কোম্পানির বিভিন্ন সেবা ও প্রযুক্তি আরও সহজভাবে ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা।
রয়টার্স আরও উল্লেখ করেছে যে, স্টার্টআপটির চূড়ান্ত লক্ষ্য হলো ০-সিরিজ এবং জিপিটি-সিরিজের বিভিন্ন এআই মডেলকে একসঙ্গে এনে এমন একটি এআই সিস্টেম তৈরি করা, যা সব ধরনের টুল ব্যবহার করতে এবং নানা রকম কাজ কার্যকরভাবে সম্পাদন করতে পারবে। এটি এআইয়ের ব্যবহারিক ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।
ভার্জের প্রতিবেদন অনুসারে, “জিপিটি-৫ আগস্টের শুরুতেই উন্মোচিত হতে পারে।” তবে, ওপেনএআই প্রায়শই তাদের নির্ধারিত এআই মডেল প্রকাশের তারিখ পরিবর্তন করেছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, অনেক সময় উন্নয়ন কাজ শেষ হতে দেরি হয়, সার্ভার চালানোর মতো প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, অথবা প্রতিদ্বন্দ্বী অন্যান্য কোম্পানিও নতুন কিছু ঘোষণা করলে তারা তাদের পরিকল্পনা বদলে ফেলে। ফলে, জিপিটি-৫ কবে প্রকাশ পাবে তা এখনও নিশ্চিত নয়।
এই নতুন মডেলটি যদি প্রত্যাশিত সময়ে আসে, তবে তা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।