জালিয়াতি রুখতে কঠোর পদক্ষেপ UIDAI’র! আধার কার্ড আপডেট করার নতুন নিয়ম জেনেনিন

আধার কার্ডের অপব্যবহার এবং জালিয়াতি রুখতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) কিছু গুরুত্বপূর্ণ নতুন নিয়ম চালু করেছে। আধার কার্ড, যা ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি কাজে একটি অপরিহার্য নথি, এবার থেকে আরও সুরক্ষিত হবে। এই নতুন নিয়মগুলোর মূল উদ্দেশ্য হলো জালিয়াতি এবং ভুয়ো নাগরিকত্ব ঠেকানো।

নাম ও জন্ম তারিখ পরিবর্তনের সীমা
নতুন নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি তার আধার কার্ডে সারা জীবনে শুধুমাত্র দুইবার নাম পরিবর্তন করতে পারবেন। তবে, পদবির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়; পদবি একাধিকবার পরিবর্তন করা যাবে। জন্ম তারিখের ক্ষেত্রে, এই সুযোগটি শুধুমাত্র একবার পাওয়া যাবে। লিঙ্গ পরিবর্তনের জন্যও একই নিয়ম প্রযোজ্য—একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার এই পরিবর্তন করতে পারবেন।

মোবাইল নম্বর, ই-মেইল এবং ঠিকানা পরিবর্তনের নিয়ম
মোবাইল নম্বর, ই-মেইল এবং ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে কোনো সীমা নেই। এই তথ্যগুলো প্রয়োজনে একাধিকবার আপডেট করা যাবে। এই পরিষেবাগুলো সমস্ত আধার সেবা কেন্দ্র, ডাকঘর এবং অন্যান্য অনুমোদিত কেন্দ্রে পাওয়া যাবে। UIDAI জানিয়েছে, একটি নতুন সফটওয়্যার তৈরি করা হয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করবে যে একজন ব্যক্তি কতবার তথ্য পরিবর্তন করেছেন এবং এরপরও তিনি কোনো আপডেট করতে পারবেন কিনা।

বার্থ সার্টিফিকেটের নতুন নিয়ম
ভুয়ো বার্থ সার্টিফিকেট ব্যবহার করে আধার কার্ডে পরিবর্তন করার প্রবণতা বন্ধ করতেও নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২২ সালের ৫ই মের পর জন্মগ্রহণকারীদের জন্য, আধার কার্ড তৈরির সময় যে বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে তাতে QR কোড থাকা বাধ্যতামূলক। QR কোড ছাড়া কোনো জন্ম শংসাপত্র বৈধ হিসেবে গণ্য হবে না। এছাড়াও, সার্টিফিকেটে থাকা রেজিস্ট্রেশন নম্বরটি আধার কেন্দ্রে আপলোড করতে হবে, যা ছাড়া আধার কার্ড তৈরি করা সম্ভব হবে না।

রিয়েল-টাইম মোবাইল নম্বর আপডেট
মোবাইল নম্বর আপডেটের প্রক্রিয়াকে আরও সহজ এবং দ্রুত করা হয়েছে। এখন থেকে, মোবাইল নম্বর আপডেট করার সময় ব্যবহারকারীর ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আসবে এবং নম্বরটি সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে। আগে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক দিন সময় লাগত, কিন্তু এখন ‘রিয়েল-টাইম আপডেশন’-এর মাধ্যমে এটি তাৎক্ষণিকভাবে সম্ভব হবে।