বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের ভ্রুকুটি…! দানা বাঁধছে দুর্যোগের আশঙ্কা, সতর্ক করছে হাওয়া দফতর

বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় দক্ষিণ ২৪ পরগনা উপকূলে প্রবল দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে। আকাশ কালো মেঘে ঢাকা পড়েছে এবং আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে জলীয়বাষ্প ছুটে আসবে, যার ফলে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

এই পরিস্থিতিতে উপকূলে মাইক নিয়ে ব্যাপক প্রচার শুরু করেছে প্রশাসন। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এবং গঙ্গাসাগর কোস্টাল থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে।

নিম্নচাপ অঞ্চলের কারণে সমুদ্র উত্তাল থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবী সংগঠনের নেতা হারাধন ময়রা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বারবার এই অবস্থার ফলে মৎস্যজীবীদের খুবই ক্ষতির সম্ভাবনা তৈরি হচ্ছে। ট্রলার তেল ভরে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য ঘাট ছেড়ে যাচ্ছে, কিন্তু আবহাওয়া খারাপের জেরে মাছ ধরতে পারছে না। যার ফলে আমাদের বড় সমস্যা হচ্ছে। এখন এই সমস্যার সমাধান হলে খুব ভালো হয়।”

ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তরও বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এর ফলে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উপকূলবর্তী এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই যথেষ্ট আতঙ্কিত। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। প্রশাসন দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে এবং উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।