নতুন বাংলাদেশ হাঁটছে উল্টো পথে! লেগিংস আর ছোট হাতার জামা পড়া যাবে না মহিলাদের?

বাংলাদেশের ব্যাঙ্ক কর্মীদের জন্য পোশাক সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ ব্যাঙ্ক। সম্প্রতি ব্যাঙ্কের একটি বিতর্কিত সার্কুলারে বলা হয়েছে, মহিলারা আর শর্ট স্লিভ, হাঁটুর ওপরের দৈর্ঘ্যের পোশাক বা লেগিংস পরতে পারবেন না। এই ধরনের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে, বিশেষ করে শহুরে এবং শিক্ষিত নারীদের মধ্যে। অনেকেই এই নির্দেশিকাকে মহিলাদের উপর সামাজিক ও সাংস্কৃতিক নিয়ন্ত্রণ চাপানোর এক প্রবণতা হিসেবে দেখছেন।
বাংলাদেশ ব্যাঙ্কের এই নির্দেশনার খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলাদেশ কি তালিবানি আদর্শের দিকে হাঁটছে? এই সার্কুলারে বলা হয়েছে যে, কর্মরত নারীদের ‘সামাজিক ও ধর্মীয় শালীনতা’ বজায় রেখে পোশাক পরিধান করা উচিত। কিন্তু ‘শালীনতার’ এই সংজ্ঞা কে নির্ধারণ করছে, তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। নারীবাদীরা বলছেন, এটি পেশাদারিত্বের চেয়ে নারীর শরীরকে বেশি গুরুত্ব দেওয়ার একটি উদাহরণ। তাঁদের মতে, কর্মক্ষেত্রে দক্ষতা এবং পেশাদারিত্ব বিচার করা উচিত কাজের মানের ওপর, পোশাকের ওপর নয়।
আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও স্বাধীন চলাফেরার ওপর যে নিষ্ঠুর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা আন্তর্জাতিক মহলে সমালোচিত। যদিও বাংলাদেশ এখনো সেই অবস্থানে পৌঁছায়নি, তবে গত কয়েক বছরে নারীর পোশাক, শিক্ষা এবং চলাফেরা নিয়ে একের পর এক ‘ফতোয়া’ বা নির্দেশিকা জারি হওয়ায় অনেকে উদ্বিগ্ন। বিশেষজ্ঞরা বলছেন, একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে যখন ধর্মীয় গোঁড়ামির ভিত্তিতে নীতি নির্ধারণ করা হয়, তখনই ‘তালিবানাইজেশন’-এর আশঙ্কা তৈরি হয়। বাংলাদেশ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত সেই দিকেই একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।
বাংলাদেশ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বহু নারী অধিকারকর্মী, সাংবাদিক এবং শিক্ষাবিদ এই সার্কুলারের বিরুদ্ধে সরব হয়েছেন। সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন, “পোশাক দিয়ে শালীনতা মাপা যায় না”, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “ব্যাঙ্ক কি এবার নৈতিক পুলিশের ভূমিকায় নেমেছে?” তরুণ সমাজ, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা, এই ধরনের নির্দেশিকাকে স্বাধীন মতপ্রকাশ এবং পছন্দের অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছে এবং এর তীব্র বিরোধিতা করছে।