অবশেষে টেক অফ! পাঁচ সপ্তাহ পর কেরল থেকে রওনা দিল ব্রিটিশ রয়্যাল নেভির F-35B যুদ্ধবিমান

অবশেষে কেরলের তিরুঅনন্তপুরম বিমানবন্দর ছেড়ে গেল ব্রিটিশ রয়্যাল নেভির এফ-৩৫ যুদ্ধবিমানটি। পাঁচ সপ্তাহ আগে জ্বালানি সংকটের কারণে জরুরি অবতরণের পর থেকে বিমানটি সেখানেই আটকে ছিল, যা নিয়ে নানা জল্পনা চলছিল। মঙ্গলবার সকালে কেরলের মাটি ছেড়ে যুদ্ধবিমানটি ব্রিটেনের উদ্দেশে উড়ে যায়।
জানা গেছে, সোমবারই ব্রিটিশ ইঞ্জিনিয়াররা যুদ্ধবিমানটিকে টেক অফের জন্য সবুজ সংকেত দিয়েছিলেন। এর পরই মঙ্গলবার সকালে বিমানটি ব্রিটেনের উদ্দেশে যাত্রা করে।
গত ১৪ জুন ভারত মহাসাগরীয় এলাকায় ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’ নামের একটি যৌথ মহড়ায় অংশ নিয়েছিল এই এফ-৩৫বি যুদ্ধবিমানটি। মহড়ার অংশ হিসেবে আকাশে ওড়ার সময় হঠাৎ করেই যুদ্ধবিমানটির জ্বালানিতে টান পড়ে। এরপরই উড়ানটি কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
তবে অবতরণের পরই বিষয়টি জটিল হয়ে ওঠে। জানা যায়, বিমানটির হাইড্রোলিক সিস্টেমে কিছু গুরুতর সমস্যা দেখা দিয়েছে। এর ফলে ২২ দিনেরও বেশি সময় ধরে বিমানটি রানওয়ের উপরেই দাঁড়িয়ে ছিল।
British High Commission Spokesperson says, “A UK F-35B aircraft, which landed following an emergency diversion on June 14, departed today from Thiruvananthapuram International Airport. A UK engineering team, deployed since July 06 completed the repairs and safety checks, allowing… https://t.co/4uTBmZWaAW
— ANI (@ANI) July 22, 2025
এই পরিস্থিতিতে যুদ্ধবিমানটির মেরামতের জন্য ব্রিটেন থেকে ৪০ সদস্যের একটি দল পাঠানো হয়। কিন্তু তাদের পরীক্ষানিরীক্ষার পর জানা যায় যে, বিমানটির হাইড্রোলিকের জটিল সমস্যার কারণে এটি ভারতে মেরামত করা সম্ভব নয়। এরপর আরও একটি ইঞ্জিনিয়ারদের দল পাঠায় ব্রিটেন। তারাই বিমানটিকে হ্যাঙ্গারে সরানোর সিদ্ধান্ত নেয়। অবশেষে ২২ দিন পর সেটিকে রানওয়ে থেকে সরিয়ে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার সকালে ব্রিটিশ রয়্যাল নেভির এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানটি কেরল ত্যাগ করে।