সুপ্রিম কোর্টে DA -এর পরবর্তী শুনানির সম্ভাবনা কবে? এবার এল বড় আপডেট!

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ্যভাতা (ডিএ) সংক্রান্ত মামলার পরবর্তী সম্ভাব্য শুনানির তারিখ সামনে এসেছে। দেশের শীর্ষ আদালতে দীর্ঘ দিন ধরে চলা এই মামলায় এবার বড় একটি আপডেট পাওয়া গেছে। সদ্য প্রকাশিত সুপ্রিম কোর্টের অগ্রিম লিস্ট বা অ্যাডভান্সড লিস্টে ডিএ মামলার ক্রমসংখ্যার উল্লেখ রয়েছে, যা থেকে পরবর্তী শুনানির একটি সম্ভাব্য তারিখের ইঙ্গিত মিলেছে।
সুপ্রিম কোর্টের ৪ অগস্টের শুনানির জন্য প্রকাশিত অগ্রিম তালিকায় ৫০০টিরও বেশি মামলার মধ্যে ডিএ মামলাটি ৬৯ নম্বরে রয়েছে। এর ফলে, প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে যে, আগামী ৪ অগস্টই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর মামলার পরবর্তী শুনানি হতে পারে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটি পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে এই মামলা চলছে। প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট), তারপর কলকাতা হাইকোর্ট হয়ে এই মামলাটি এখন সুপ্রিম কোর্টে পৌঁছেছে। জানা গেছে, সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, ডিএ মামলা ঘিরে প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার, কিন্তু এরপর থেকে প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরাই জয়লাভ করেছেন।
সুপ্রিম কোর্টে মামলার তালিকায় যেহেতু ডিএ মামলা প্রথমের দিকেই রয়েছে, তাই ৪ অগস্ট বেলা ১১টা থেকে ১১.৩০ মিনিটের মধ্যেই এই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করা হচ্ছে। এই মামলায় রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ সংক্রান্ত বিষয়গুলি জড়িত রয়েছে। মামলায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধ শিবিরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের মতো একাধিক রাজ্য সরকারি কর্মী সংগঠন আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।
২৫ শতাংশ বকেয়া ডিএ ঘিরে এই মামলায় সব পক্ষের নজর এখন ৪ অগস্টের দিকে। এই শুনানি রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবির নিষ্পত্তি ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে।