নতুন এসিতেই ঘটল বিপত্তি! মালদহ জেলা পরিষদ ভবনে মারাত্মক আগুন, বহু নথি পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা

সাতসকালে মালদহ জেলা পরিষদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে জেলা পরিষদ ভবনের তৃতীয় তল থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত দমকল বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জেলা পরিষদ ভবনের একদিকে ইংলিশ বাজার পৌরসভা এবং অন্যদিকে মালদহ জেলা আদালত অবস্থিত। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে একটি বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। কিন্তু দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপ এবং পরিশ্রমে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।
আগুন লেগেছে মালদহ জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগের তিনতলা ও চারতলায়। সেখানেই থাকা বহু গুরুত্বপূর্ণ নথি আগুনে পুড়ে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
দমকল আধিকারিক তীর্থঙ্কর দাস জানিয়েছেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জেলা পরিষদের সচিব অরুণ সেনগুপ্ত-সহ অন্যান্য আধিকারিকরা। ইঞ্জিনিয়ারিং সেকশনের কর্তারা জানিয়েছেন, সোমবারই ভবনে একটি নতুন এসি বসানো হয়েছিল। তাতে কিছু সমস্যা হচ্ছিল এবং বিষয়টি ঠিকাদার সংস্থাকে জানানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, সম্ভবত ওই নতুন এসি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।