‘ভালো ছেলে, কিন্তু…’ প্রশংসা করেও দেবকে তুলোধোনা দিলীপ ঘোষের, বললেন….

রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, যিনি সম্প্রতি নিজের দলের রাজ্য সংগঠনকে তেমন গুরুত্ব না দিয়ে নিজস্ব কর্মসূচি পালনে ব্যস্ত, মঙ্গলবার সকালে খড়্গপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার তৃণমূলের তারকা সাংসদ দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। ২১ জুলাইয়ের মতো গুরুত্বপূর্ণ দিনে যেখানে বিরোধী দলনেতা উত্তরকন্যা অভিযান করেছেন, দিলীপ ঘোষ হেঁটেছেন ভিন্ন পথে, নিজের গড় খড়্গপুর চষে বেরিয়েছেন। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় টলিউডের সুপারস্টার দেবের রাজনৈতিক ভূমিকা নিয়ে।

খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেন, “মেদিনীপুরের ছেলে, ভালো ছেলে। কিন্তু এমন নিষ্কর্মা ভালো ছেলে হয়ে লাভ কী?” এখানেই থেমে না থেকে তিনি প্রশ্ন তোলেন, “কার চাপে দেব এখনও রাজনীতি করছে?”

উল্লেখ্য, টলিউডের সুপারস্টার দেব ওরফে দীপক অধিকারী ঘাটাল থেকে তিন তিনবার তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হয়েছেন। তবে ২০২৪ সালের লোকসভা ভোটে তিনি লড়তে চাননি। নিজের কাজের চাপ এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিনের প্রতিশ্রুতি পূরণ না করতে পারার হতাশা তাঁকে গ্রাস করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি এ বিষয়ে জানিয়েওছিলেন। তাঁদের অনুরোধেই দেব ফের ভোটে লড়তে রাজি হন। মমতা-অভিষেক প্রতিশ্রুতি দেন, কেন্দ্র টাকা না দিলেও এবার রাজ্য সরকারই নিজেদের অর্থে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে। সেই প্রতিশ্রুতিতে ভরসা রেখে দেব ফের প্রার্থী হন এবং বিশাল ব্যবধানে জয়ী হন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ও কথা রেখে রাজ্য সরকারের অর্থে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কাজে হাত লাগান। যদিও গোটা প্রকল্পটি বাস্তবায়িত হতে আনুমানিক দু’বছর সময় লাগার কথা। এই সময়ের মধ্যে ঘাটালবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এই সংক্রান্ত আলোচনার পরিপ্রেক্ষিতেই দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়। ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে দেব কাজের মাঝে স্কটল্যান্ড থেকে উড়ে এসেছেন, অথচ একবারও ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতে যাননি। আর এতেই দেবকে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন, “উনি প্রতিবার ভোটের সময় কথা দেন, ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে। কেন বারবার ঘাটালবাসীকে ধোঁকা দিচ্ছেন? কার চাপে দেব এখনও রাজনীতি করছে? এবার ইস্তফা দেওয়া উচিত। ও তো এবার দাঁড়াতে চায়নি। জোর করে নেতৃত্ব ওকে প্রার্থী করেছে।”

এরপরই দিলীপ ঘোষ সরাসরি ইঙ্গিত দেন যে দেবের ওপর চাপ রয়েছে। তিনি বলেন, “দেব যদি বলে যে রাজনীতি করবে না, তাহলে তো অন্য চাপ। তৃণমূলের তরফে ওকে হুমকি দেওয়া হয়, সিনেমা বন্ধ করে দেবে, প্রোডাকশনে বাধা দেবে। আমি বলছি, দম থাকে তো বেরিয়ে এসো।” দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে যে তিনি কি তাহলে খোলামেলাভাবেই ‘ভালো’, ‘নিষ্কর্মা’ দেবকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন?