মমতার ‘বাংলা ভাষার জিগির’ নিয়ে শুভেন্দু অধিকারীর পাল্টা আক্রমণ! বললেন- “উনি বাংলা ভাষার কে?”

ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি জাতিসত্ত্বার স্লোগান তুলে রাজ্যজুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। আগামী ২৭ জুলাই থেকে এই আন্দোলন শুরু হবে বলে তিনি ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে তীব্র কটাক্ষ করে পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী স্মরণ করিয়ে দেন যে, বাঙালি প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণার পর প্রথম বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “বাংলা ভাষার উনি কে? কে ওনাকে বাংলা ভাষা রক্ষা করার দায়িত্ব দিয়েছে? যেদিন বাঙালি প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল, সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন। আর উনি যে পার্টিটাকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে। তাঁর নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর পরামর্শদাতা ছিলেন প্রয়াত বিবেক দেবরায় একজন বাঙালি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল একজন বাঙালি। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার অসীম ঘোষের মতো একজন কৃতী অধ্যাপককে হরিয়ানার রাজ্যপাল করেছেন। তিনিও একজন বাঙালি।”

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, বিজেপি গোটা দেশে বাঙালি ও বাংলা ভাষার বিরোধিতা করছে। তিনি দাবি করেন, বাংলা বললেই বাঙালিদের বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। এর বিরুদ্ধে দলীয় কর্মীদের আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু শুভেন্দু অধিকারীর এই পাল্টা আক্রমণ রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।