‘সাইয়ারা’ জ্বরে কাঁপছে দেশ… ! অশ্রুসিক্ত নয়ন-কেউবা হয়েছেন অজ্ঞান

দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখন শুধুই ‘সাইয়ারা’ (SAIYAARA) জ্বর! নবাগত অহান পাণ্ডে এবং অনিত পাড্ডার রোমান্টিক লাভস্টোরি ‘সাইয়ারা’ দেখে দর্শকদের চোখে জল, নেটপাড়া ভাবুক। সিনেমাটি দেখে আবেগতাড়িত হয়ে অজ্ঞান হয়ে পড়া, আইভি ড্রিপ লাগানো অবস্থায় প্রেক্ষাগৃহে পৌঁছানো, আবার মনের মানুষকে কোলে তুলে ভালোবাসায় আপ্লুত হওয়ার মতো নানা আবেগঘন মুহূর্ত ধরা পড়ছে প্রেক্ষাগৃহগুলিতে, যা মুহূর্তে ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে।

অশ্রুসিক্ত নয়ন, বেদনার অনুরণন:

পরিচালক মোহিত সুরির নতুন সৃষ্টি ‘সাইয়ারা’ কীভাবে দর্শক মনে প্রেমের জোয়ার এনেছে, তার প্রমাণ মিলছে একের পর এক ভাইরাল হওয়া ভিডিওতে। একটি ভিডিওতে দেখা গেছে, এক যুবক হাতে আইভি ড্রিপ লাগানো অবস্থায় থিয়েটারে পৌঁছেছেন ‘সাইয়ারা’ দেখতে। সিনেমা দেখতে দেখতে তিনি এতটাই আবেগতাড়িত হয়ে পড়েন যে তাঁর চোখ থেকে অঝোরে জল ঝরে। এই মুহূর্তগুলো যেন প্রমাণ করে, একটি সিনেমা দেখতে দেখতে চোখে জল তখনই আসে যখন বুকের ব্যথাটা মোচড় দিয়ে ওঠে—না পাওয়া ভালোবাসা বা হারিয়ে ফেলা ভালোবাসা বারবার জেগে ওঠে চাপা দেওয়া স্মৃতির অতল থেকে।

‘সাইয়ারা’ যেন চোখের সামনে এক জীবন্ত প্রেমের গল্প তুলে ধরেছে, যা অনুভব করতে করতে দর্শকদের চোখের জল আর বাঁধ মানছে না। ছেলে-মেয়ে নির্বিশেষে হাউ হাউ করে কাঁদছেন সিনেমা দেখে।

কেবল কি দুঃখ? ভালোবাসার উদযাপনও:

তবে কি শুধু দুঃখ আর বেদনাতেই ভরা ‘সাইয়ারা’? না, এমন অনেক দর্শককেও দেখা গেছে যারা তাঁদের ভালোবাসার মানুষটির সঙ্গে থিয়েটারের মধ্যেই ভালোবাসার মুহূর্ত উদযাপন করছেন। প্রেমের এই ভিন্ন ভিন্ন বহিঃপ্রকাশই ‘সাইয়ারা’কে করে তুলেছে আরও প্রাসঙ্গিক এবং আকর্ষণীয়।

মোহিত সুরির ইমোশনাল ড্রামা ‘সাইয়ারা’, যা ‘আশিকি 2’-এর মতো প্রেমের গল্প উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছিল, এবারও দর্শকদের নিজেদের আবেগকে ধরে রাখতে দিচ্ছে না। আর এখানেই যেন সিনেমার সার্থকতা। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, বিটাউনে পা রাখা এই নতুন জুটির সিনেমা মাত্র তিন দিনেই আয় করে নিয়েছে ৮৩ কোটি টাকা, যা বক্স অফিসে ‘সাইয়ারা’-এর অপ্রতিরোধ্য জয়যাত্রার ইঙ্গিত দিচ্ছে। এই সিনেমা যেন প্রমাণ করল, ‘প্রেমে ব্যথা পেলেই নাকি সেই ভালোবাসা পূর্ণতা পায়!’