দুপুর গড়াতেই ঝাঁপিয়ে নামবে বৃষ্টি! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, জানুন আজকের রিপোর্ট

২১শে জুলাই, শহিদ দিবসের সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। গত ২৪ ঘণ্টায় শহরে ৮.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির সতর্কতা:
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গ অর্থাৎ সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামী ২৪ ঘণ্টায় বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিকিম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা, যেখানে ৭ থেকে ১১ সেমি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একাধিক স্থানে।
ভারতীয় আবহাওয়া অধিদফতর (IMD) জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ১৯শে জুলাই থেকে শুরু করে ২৫শে জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি হতে পারে বলে পূর্বাঞ্চলীয় আবহাওয়া কেন্দ্রের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) হতে পারে। কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি (০৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস:
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। তবে, কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া—সহ সব জেলাতেই বৃষ্টি হতে পারে, এবং কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ২০ সেমি পর্যন্ত পৌঁছতে পারে।
বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
নিম্নচাপের আগমন ও ব্যাপক বৃষ্টি:
আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের বৃষ্টি শুরু হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলায় হবে। তবে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।
সব মিলিয়ে, পশ্চিমবঙ্গজুড়ে আগামী কয়েকদিন বৃষ্টির দাপট জারি থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।