২১ জুলাইয়ের মঞ্চে মহা চমক! তৃণমূলকে সমর্থন ও মমতার সঙ্গে ভিডিয়ো বানাতে হাজির শাহরুখ খান!

রবিবার রাত থেকেই গোটা বাংলা যেন একুশে জুলাইয়ের রঙ্গে সেজে উঠেছে। সোমবার সকাল থেকেই কলকাতার পথে পথে দেখা গেছে তৃণমূলের পতাকা লাগানো অসংখ্য বাস, গাড়ি আর বাইকের স্রোত। তবে এই জনসমুদ্রের মাঝে সকলের চোখ কপালে তুললেন খোদ ‘শাহরুখ খান’কে দেখে!

এর আগেও বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেছে বলিউড বাদশা শাহরুখ খানকে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি। তাহলে কি এবার ২১শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাতে ছুটে এলেন কিং খান?

যদিও একটু ভালো করে দেখলেই ভুল ভাঙে সকলের। কারণ এ যে আসল শাহরুখ নন, বরং তাঁরই এক ‘হামসকল’ বা নকল শাহরুখ। জানা গেছে, বীরভূম থেকে আসা ঘাসফুল কর্মীদের সঙ্গেই এসেছেন এই ব্যক্তি। তিনি জানান, ২১শে জুলাইয়ের জন্য তাঁর এই বিশেষ সাজ নয়, বরং এটাই তাঁর পেশা। নকল শাহরুখ হিসেবেই তিনি মনোরঞ্জন করেন বিভিন্ন অনুষ্ঠানে।

তবে ২১শে জুলাইয়ের সমাবেশে আসার মূল কারণ হিসেবে তিনি জানান, একদিকে যেমন দলকে সমর্থন জানানো, তেমনই তাঁর ইচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি ভিডিও বানানোর। এর মাধ্যমে গোটা কলকাতার মানুষ তাঁর কাজ সম্পর্কে জানতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রবিবার থেকেই মানুষ কলকাতামুখী হয়েছেন। জনসমাগম নির্বিঘ্ন রাখতে কলকাতার পথে কড়া পুলিশি প্রহরা এবং যানচলাচল নিয়ন্ত্রিত রাখা হয়েছে। সকাল সাড়ে ৯টার পর মিছিল সাময়িকভাবে বন্ধ রাখা হলেও, দুপুর ১টা থেকে তা আবার শুরু হয়েছে।

তবে শুধু ‘শাহরুখ খান’ই নন, ২১শে জুলাইয়ের এই ভিড়ে আরও এক চমক দেখা গেছে। ধর্মতলা চত্বরে একজন সমর্থককে দেখা গেছে বিশ্বখ্যাত কমেডিয়ান চার্লি চ্যাপলিনের বেশে। এই ধরনের অভিনব উপস্থিতিগুলো ২১শে জুলাইয়ের সমাবেশকে আরও বর্ণিল করে তুলেছে।