“বাবাকে দিয়ে স্যানিটরি প্যাড কেনাতে পারব না”-মমতা শঙ্করের এই মন্তব্যে যা বললেন গায়িকা ইমন

আবারও বিতর্কের কেন্দ্রে নৃত্যশিল্পী ও অভিনেত্রী পদ্মশ্রী মমতা শঙ্কর। পোশাক, ‘ডান্স বাংলা ডান্স’ শো-এর পর এবার স্যানিটারি প্যাড নিয়ে তাঁর এক মন্তব্যে নতুন করে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মমতা শঙ্কর জানান, তিনি তার বাবা বা ছেলেকে দিয়ে স্যানিটারি প্যাড কিনতে দিতে পারবেন না, কারণ এতে তিনি নিজেকে ‘ছোট’ মনে করবেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটপাড়ার একাংশ তাকে তীব্র কটাক্ষ ও সমালোচনার মুখে ফেলেছেন। এই মন্তব্যের প্রতিবাদ করেছেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী।

মমতা শঙ্করের বিস্ফোরক মন্তব্য: ‘সমাজ কি পিছিয়ে যাচ্ছে?’

ওই সাক্ষাৎকারে মমতা শঙ্কর মেয়েদের পিরিয়ড প্রসঙ্গে খোলামেলা কথা বলেন। তিনি প্রশ্ন তোলেন স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে লাল রঙের ব্যবহার নিয়ে। তার কথায়, “স্যানিটারি ন্যাপকিন তো একটা প্রয়োজনীয় দ্রব্য। সেটা তো মানুষ কিনবেন। এতদিন এর বিজ্ঞাপন অন্যভাবে দেখানো হত। কিন্তু এখন সেখানে লাল রঙ দেওয়া হয়।” তিনি আরও বলেন, “সেখানে লাল রংটা দিয়ে বোঝাতে হবে কেন? মানুষ কি দিনে দিনে বোকা হচ্ছে? আমরা কি অসভ্য হচ্ছি? আমরা এগোচ্ছি না পিছিয়ে যাচ্ছি? আমরা এত বোকা হয়ে যাচ্ছি যে আমাদের চামচে করে গিলিয়ে দিতে হবে? না হলে কি জিনিসটা বিক্রি হবে না?”

নিজের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরে মমতা শঙ্কর বলেন, “আমার লজ্জা করে। আমি টিভি দেখছি, সেখানে এই বিজ্ঞাপন চলছে আর তার মাঝে কেউ এসে গেলে আমার লজ্জা করে। আমি এতটা আধুনিক হতে পারিনি যে, আমার ছেলেকে ওরকম কিছু একটা কিনতে পাঠাবো বা আমার বাবাকে আমি কিনতে দেব। হ্যাঁ, আমি আমার স্বামীকে দিয়ে কেনাতে পারি।” যদিও এই বিষয়টি তার কাছে একেবারেই ‘ট্যাবু’ নয় বলে তিনি দাবি করেন। অভিনেত্রীর মতে, সমাজ এগোনোর বদলে পিছোচ্ছে। তার কাছে আজও বাবা বা সন্তানকে দিয়ে স্যানিটারি ন্যাপকিন কিনতে দেওয়াটা অচিন্তনীয়।

ইমনের পাল্টা জবাব: ‘আমার বাবাই কিনে দিতেন’

মমতা শঙ্করের এই মন্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ তার মন্তব্যের সমালোচনা করে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। তবে অনেকেই আবার তার মন্তব্যকে সমর্থনও করেছেন, যা বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

এই বিতর্কের মাঝেই গায়িকা ইমন চক্রবর্তী সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। তিনি খোলাখুলি জানান যে, তাকে ছোটবেলায় তার বাবাই স্যানিটারি প্যাড কিনে দিতেন। ইমনের ফেসবুক পোস্টটি ছিল এমন: “ছোটবেলায় আমার বাবাই আমায় দোকানে গিয়ে কখনও স্যানিটারি ন্যাপকিন কিনতে দেননি। তাই আজও সেই অভ্যাস আমার নেই। আমার মা আমাকে বলেছিলেন যে এগুলো খুব নর্ম্যাল ঘটনা। আমার মা আমাকে বলেছিলেন নারী পুরুষ সমান সমান। কী জানি। এখন কিছু ইন্টারভিউ দেখে মনে হচ্ছে মা হয়তো ভুল ছিলেন।”

ইমনের এই মন্তব্য সরাসরি মমতা শঙ্করের ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং আবারও পিতৃতান্ত্রিক মানসিকতা ও লিঙ্গ-সাম্যের বিতর্কে নতুন ইন্ধন জুগিয়েছে। সমাজের পরিচিত মুখদের এমন মন্তব্য নিয়ে জনপরিসরে আলোচনা চলতেই থাকবে।