বিশেষ: প্লাস্টিকের বোতলের নিচের ত্রিকোণ চিহ্ন কেন থাকে, জেনেনিন এর মূল কারণ কী?

আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের বোতল বা পাত্রের ব্যবহার অপরিহার্য। কিন্তু আমরা অনেকেই হয়তো খেয়াল করিনি যে, প্রতিটি প্লাস্টিকের বোতল বা পাত্রের নিচের দিকে একটি ত্রিভুজাকৃতি ছাঁচের মধ্যে ১ থেকে ৭ পর্যন্ত কিছু নম্বর লেখা থাকে। এই নম্বরগুলো আসলে কী নির্দেশ করে এবং কেনই বা এগুলো এত গুরুত্বপূর্ণ, তা জানলে আপনি অবাক হবেন। এই নম্বরগুলো প্লাস্টিকের ধরন এবং তার ব্যবহারযোগ্যতা সম্পর্কে জরুরি তথ্য দেয়, যা আপনার স্বাস্থ্যের সুরক্ষার জন্য জানা অত্যন্ত প্রয়োজন।

প্লাস্টিক নম্বরের গুরুত্ব ও ব্যবহার
প্লাস্টিকের পাত্রের নিচে লেখা এই নম্বরগুলো নির্দেশ করে কোন ধরনের প্লাস্টিক দিয়ে এটি তৈরি হয়েছে এবং কতবার এটি ব্যবহার করা নিরাপদ। এটি মূলত ‘রেসিন আইডেন্টিফিকেশন কোড’ (Resin Identification Code – RIC) নামে পরিচিত। এই কোডগুলি পরিবেশগত এবং স্বাস্থ্যগত উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক, প্রতিটি নম্বরের অর্থ কী:

১ নম্বর (PET বা PETE):
যদি ত্রিভুজের মধ্যে ‘১’ লেখা থাকে, তার মানে এই প্লাস্টিকটি পলিথাইলিন টেরেপথ্যালেট দিয়ে তৈরি। বেশিরভাগ জল বা কোমল পানীয়ের বোতল এই ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি হয়।

ব্যবহার: এগুলি শুধুমাত্র একবার ব্যবহারযোগ্য। একবারের বেশি ব্যবহার করা স্বাস্থ্যের জন্য একেবারেই নিরাপদ নয়। তাপ বা বারবার ব্যবহারের ফলে এগুলি থেকে ক্ষতিকারক রাসায়নিক বের হতে পারে।

২ নম্বর (HDPE):
ত্রিভুজের মধ্যে ‘২’ লেখা থাকলে বোঝা যায় এটি ঘন, অস্বচ্ছ পলিথিন (হাই-ডেনসিটি পলিথিন বা HDPE) দিয়ে তৈরি। শ্যাম্পু, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনারের বোতল সাধারণত এই প্লাস্টিক দিয়ে তৈরি হয়।

ব্যবহার: এগুলিতে খাবার বা কোনো পানীয় রাখা একেবারেই স্বাস্থ্যকর নয়।

৩ নম্বর (PVC বা V):
‘৩’ লেখা থাকলে বুঝতে হবে পাত্রটি পলিভিনিল ক্লোরাইড বা পিভিসি দিয়ে তৈরি। খাবারের শক্ত মোড়ক বা রান্নার তেলের পাত্রে এটি ব্যবহার করা হয়।

ব্যবহার: এই ধরনের প্লাস্টিকও একবারের বেশি ব্যবহার করা মোটেই স্বাস্থ্যকর নয়। এটি থেকে বিষাক্ত রাসায়নিক নির্গত হতে পারে।

৪ নম্বর (LDPE):
যদি ত্রিভুজের মধ্যে ‘৪’ লেখা থাকে, তার মানে এটি লো-ডেনসিটি পলিথিন (LDPE) দিয়ে তৈরি। কিছু পানীয় জলের বোতল বা খাদ্য সংরক্ষণের ব্যাগে এটি দেখা যায়।

ব্যবহার: এই ধরনের পাত্রে একাধিকবার পানীয় জল বা খাবার রাখা যেতে পারে, তবে এক সপ্তাহের বেশি ব্যবহার না করাই ভালো।

৫ নম্বর (PP):
ত্রিভুজের মধ্যে ‘৫’ লেখা থাকলে বোঝা যায় এটি পলিপ্ৰপিলিন (PP) দিয়ে তৈরি। সসের বোতল, কিছু জলের বোতল বা সিরাপের বোতল এই জাতীয় প্লাস্টিক দিয়ে তৈরি হয়।

ব্যবহার: এই ধরনের পাত্র ব্যবহার করা একেবারে নিরাপদ এবং এটি খাদ্যদ্রব্য সংরক্ষণে তুলনামূলকভাবে ভালো। এগুলি পুনর্ব্যবহারযোগ্য এবং তাপ প্রতিরোধী হয়।

৬ নম্বর (PS):
‘৬’ লেখা থাকলে এটি পলিস্টিরিন বা স্টাইরোফোম জাতীয় উপাদান দিয়ে তৈরি। ডিসপোজেবল কাপ, প্লেট বা কিছু খাবারের কন্টেইনারে এটি দেখা যায়।

ব্যবহার: এই জাতীয় প্লাস্টিক দিয়ে তৈরি পাত্রে খাবার গরম করা মোটেই স্বাস্থ্যকর নয়। খুব বেশি ব্যবহার না করাই ভালো। এটি থেকে ক্ষতিকারক টক্সিন নির্গত হতে পারে।

৭ নম্বর (Other):
ত্রিভুজের মধ্যে ‘৭’ লেখা থাকলে এটি ‘অন্যান্য’ ক্যাটাগরির প্লাস্টিককে বোঝায়, যার মধ্যে পলিকার্বোনেট (PC) এবং বায়ো-প্লাস্টিকের মতো বিভিন্ন ধরনের প্লাস্টিক অন্তর্ভুক্ত।

ব্যবহার: এই ধরনের পাত্র ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ। খাবার বা কোনো রকম পানীয় রাখা একেবারেই উচিত নয়, কারণ এগুলি থেকে বিসফেনল-এ (BPA) এর মতো ক্ষতিকারক রাসায়নিক নির্গত হতে পারে।