আদিবাসী সাংসদকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি TMCর মুসলিম বিধায়কের! পাল্টা জবাব BJP বিধায়কের

ভিনরাজ্যে বাংলাভাষীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে মালদায় তৃণমূলের প্রতিবাদ মিছিল ও জনসভা থেকে চরম বিতর্কিত মন্তব্য করলেন মালতিপুরের তৃণমূল বিধায়ক এবং জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি। তিনি প্রকাশ্যে রাজ্যের এক আদিবাসী সাংসদকে ‘ডিটেনশন ক্যাম্পে ঢোকানোর’ হুমকি দেওয়ার পাশাপাশি ‘বিজেপি জিন্দাবাদ’ বললে হাত কেটে নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন, যা রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
বুধবার বিকেলে (১৬ই জুলাই, ২০২৫) মিছিল শেষে জনসভায় আবদুর রহিম বক্সি বলেন, “বাঙালিদের ওপর যদি অত্যাচার বন্ধ না হয়, এখানকার যে নেতা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বসেন, আপনি কী করে গ্রামে ঢোকেন আমরা দেখে নেব। আমরাও গ্রামে আপনাকে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দেব। এমপি সাহেব আপনি জেনে রাখেন, মাইকে বলছি। বাঙালি যদি এবার গুজরাত, বিহার, উত্তর প্রদেশে মার খায়, মারের বদলা মার হবে। খুনের বদলা খুন হবে। এই সাবধানবাণীও থাকছে আজকের মঞ্চ দিয়ে।”
বক্সির এই মন্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও একবার বিজেপি কর্মীদের হুমকি দেন। তিনি বলেন, “বিজেপিকে যারা সমর্থন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এখানে হাত তুলে বিজেপি জিন্দাবাদ বলছেন, তাদের হাত নামিয়ে নেব।”
তৃণমূল বিধায়কের এই বিস্ফোরক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। উত্তর মালদার বিজেপি বিধায়ক খগেন মুর্মু এর জবাবে বলেন, “উনি হিন্দু-মুসলমান করতে চাইছেন তো? আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখলে আদিবাসীরা ওনাকে ছেড়ে দেবে না কি? তৃণমূলের দিন ফুরিয়ে এসেছে, ২০২৬-এ তৃণমূলকে রাজ্যের মানুষ ছুঁড়ে ফেলে দেবে। আর মালদা জেলায় তৃণমূল একটা আসনও পাবে না।”
আবদুর রহিম বক্সির এই বিতর্কিত মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। বিরোধীরা তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনেছেন, যা রাজ্যের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে পারে। এই ঘটনার জেরে মালদার রাজনৈতিক পারদ আরও চড়েছে।