আমেরিকায় ‘চুরি’র অভিযোগে গ্রেফতার ভারতীয় মহিলা! ‘অপরাধ করলে ভিসা বাতিল’ মার্কিন ফতোয়ায় ভারতীয়দের কঠোর বার্তা

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এবং আগত ভারতীয়দের জন্য এবার কঠোর বার্তা দিল মার্কিন প্রশাসন। চুরি, ছিনতাই বা কাউকে আঘাত করার মতো কোনো অপরাধমূলক কাজে জড়িত থাকলে সেই ব্যক্তির আজীবন মার্কিন ভিসা বাতিল করার ক্ষমতা অর্জন করেছে ওয়াশিংটন। সম্প্রতি ইলিনয়েসের একটি টার্গেট স্টোর থেকে এক ভারতীয় মহিলাকে প্রায় ১.১ লক্ষ টাকার সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ার ঘটনার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই নির্দেশ জারি করেছে, যা সেদেশে থাকা ভারতীয় কমিউনিটির মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এক লক্ষ টাকার চুরি, আজীবন নিষেধাজ্ঞা:
ঘটনার সূত্রপাত গত ১ মে, যখন ইলিনয়েসের একটি টার্গেট স্টোর থেকে প্রায় ১,৩০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.১ লক্ষ টাকা) মূল্যের সামগ্রী চুরি করতে গিয়ে এক ভারতীয় মহিলা পুলিশের হাতে ধরা পড়েন। এই ঘটনা জানাজানি হয় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, যেখানে দেখা যায় সাত ঘণ্টা ধরে উইনডো শপিং করার পর ওই মহিলা দাম না মিটিয়েই বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। স্টোরের কর্মী এবং পুলিশের সঙ্গে তাঁর তর্কাতর্কিও বডিক্যামে ধরা পড়েছে। এমনকি, এক মহিলা পুলিশ কর্মীকে বলতে শোনা যায়, “আপনাদের ভারতেও কি চুরি করার অনুমতি আছে? আমার মনে হয় নেই।” যদিও অভিযোগের পুরোটাই অনুমানের উপর নির্ভর করে গঠিত হওয়ায় মহিলাকে এখনও গ্রেফতার করা হয়নি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মার্কিন দূতাবাস সেদেশে বসবাসকারী বিদেশিদের জন্য এক কঠোর সতর্কতা জারি করেছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে: “ডাকাতির জন্য সারাজীবনের ভিসা বাতিল করা হতে পারে। এমনকী তিনি যাতে আর কোনও দিন আমেরিকায় ঢুকতে না পারেন, সে ব্যবস্থাও হবে।”
দূতাবাসের কড়া বার্তা: আইন মেনে চলার নির্দেশ:
ভারতের মার্কিন দূতাবাস তাদের এক্স (পূর্বের টুইটার) বার্তায় বিদেশিদের প্রতি আমেরিকায় বসবাসকালীন সেদেশের আইনশৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে। বার্তায় লেখা হয়েছে, “হেনস্তা, আঘাত, চুরি কিংবা চোখে ধুলো দিয়ে ছিনতাই করলে কেবলমাত্র আইনের ভাষায় বিচার হবে না। আপনি আপনার ভিসাও খোয়াতে পারেন। এতে আপনার ভিসা বাতিল করা হবে এবং ভবিষ্যতেও আর কোনওদিন মার্কিন ভিসার আবেদনই করতে পারবেন না। আমেরিকা আইনশৃঙ্খলার মূল্য দেয় এবং বিদেশিদের কাছে অনুরোধ তাঁরাও যেন মার্কিন আইন মেনে চলেন।”
এই নতুন ফতোয়া মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এক ছোটখাটো অপরাধের জন্য আজীবনের জন্য মার্কিন মুলুকে প্রবেশাধিকার হারানোর এই সম্ভাবনা অনেকের জন্যই এক ভীতিকর বার্তা। একইসঙ্গে, এটি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আইন প্রয়োগে আরও কঠোর হওয়ার এক স্পষ্ট ইঙ্গিত বহন করছে।