“১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মিলবে বিনামূল্যে”-বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা মুখ্যমন্ত্রীর!

বিহারের গ্রাহকদের জন্য সুখবর! গরিব-বড়লোক নির্বিশেষে রাজ্যের সমস্ত পরিবার প্রতি মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর ফলে বিহারের প্রায় ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হবেন বলে জানা গিয়েছে।

আগামী অক্টোবর বা নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ভোট বৈতরণী পার করতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবার দিল্লি মডেলের পথে হাঁটলেন।

বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার আজ এক্স (সাবেক টুইটার) পোস্টে লেখেন, ‘শুরু থেকেই, আমরা সকলকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে আসছি। এখন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১ আগস্ট, ২০২৫ থেকে – অর্থাৎ জুলাই মাসের বিলিং চক্র থেকে – রাজ্যের সমস্ত গার্হস্থ্য গ্রাহকদের ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য কোনও মূল্য দিতে হবে না।’

মুখ্যমন্ত্রী আরও জানান যে, এই সিদ্ধান্তের ফলে বিহার জুড়ে মোট ১.৬৭ কোটি পরিবার উপকৃত হবে। ভোটের আগে এটি যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি, তাপবিদ্যুৎ-এর ব্যবহার কমিয়ে আগামী তিন বছরে বিহারে আরও সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরিরও প্রতিশ্রুতি দিয়েছেন নীতীশ কুমার। তিনি জানান, ‘কুটির জ্যোতি যোজনা’ প্রকল্পে কোনও গরিব পরিবার বাড়িতে সৌর প্যানেল বসালে তার সম্পূর্ণ খরচ বহন করবে তাঁর সরকার। এর ফলে, সাধারণ গৃহস্থালী গ্রাহকদের আর ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ নিয়ে চিন্তা করতে হবে না। এছাড়াও, অনুমান করা হচ্ছে যে আগামী তিন বছরে রাজ্যে প্রায় ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত সৌরশক্তি উৎপাদন করা সম্ভব হবে।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যে শিক্ষকের শূন্য পদগুলি পূরণেরও নির্দেশ দিয়েছেন। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই বিহার সরকার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। বর্তমানে রাজ্যে ৮৭ হাজার ৭৭৪টি শিক্ষকের পদ খালি রয়েছে। তবে ভবিষ্যতের প্রয়োজন বিবেচনা করে মুখ্যমন্ত্রী প্রায় পৌনে তিন লাখ পদ পূরণের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি রাজ্যটির কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির জন্য কয়েক হাজার শিক্ষক নিয়োগ করেছে নীতীশ কুমারের সরকার।

গত সপ্তাহেই নীতীশ কুমার সরকার সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ পদ সংরক্ষণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। রাজনৈতিক মহল মনে করছে, মহিলা ভোটারদের কথা মাথায় রেখেই শরিক দল বিজেপির পরামর্শে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

এর আগে, নীতীশ কুমার সরকার বিহারে বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। পূর্বে বিহারে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে পেতেন। সম্প্রতি সেই ভাতা এক লাফে ৭১ শতাংশ বাড়িয়ে ১১০০ টাকা করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিহারের গরিব, মহিলা, ছাত্র ও যুবকদের ভোট নিজেদের দিকে টানতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার একের পর এক জনমুখী প্রকল্পের ঘোষণা করে চলেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে এই পদক্ষেপগুলি কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।