Weather: নিম্নচাপের প্রভাব কাটবে কবে? কেমন থাকবে বাংলার আবহাওয়া, জেনেনিন পূর্বাভাস

টানা বৃষ্টিতে ভাসছে তিলোত্তমা কলকাতা। সোমবারের মতো মঙ্গলবারও শহরের দিন শুরু হয়েছে মেঘলা আকাশ আর অবিরাম বর্ষণ দিয়ে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, গভীর নিম্নচাপের প্রভাবে আজও রাজ্যজুড়ে মুষলধারে বৃষ্টিপাত চলবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের ছয় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা, যার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। একই সময়ে, মধ্যপ্রদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে রাজস্থানের দিকে সরে গেছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের উপর মৌসুমী অক্ষরেখা আছড়ে পড়ায় এই মরসুমের প্রথম মৌসুমী নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে আজ, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আকাশ ঘন কালো মেঘে ঢাকা, এবং নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ায় সকাল থেকেই সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরছে, ফলস্বরূপ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল, বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমবে, কারণ বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাবে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
নিম্নচাপের জেরে মঙ্গলবার সারাদিন উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই আলিপুর আবহাওয়া দফতর মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করেছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের মতো আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি চলবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আগামী শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে। এছাড়াও, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ১৯ ও ২০ জুলাই, অর্থাৎ শনি ও রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতার আবহাওয়া
হাওয়া অফিস বলছে, মঙ্গলবার কলকাতাতে মূলত মেঘলা আকাশ থাকবে এবং দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। গতকাল, সোমবার, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস।