নিশানায় এবার বিজেপি নেতারা…২১ জুলাই নিয়ে দিলীপ ঘোষের খোঁচা!

একুশে জুলাইয়ের সভা ঘিরে যখন রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই বিজেপি নেতা দিলীপ ঘোষের এক মন্তব্য দলেরই একাংশ নেতাকে বিড়ম্বনায় ফেলল। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি সরাসরি তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের নিশানা করে মন্তব্য করেছেন, যাদের তিনি “ডিম ভাত খাওয়া” বলে কটাক্ষ করেছেন।

“আমাদের পার্টির লোকেরাও উৎসাহী ছিলেন!”
দিলীপ ঘোষ বলেন, “একুশে জুলাই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ তো প্রবল। সেটাই স্বাভাবিক। গুঞ্জন তো ছিলই। প্রত্যেকবারই থাকে। ডিমভাতের উৎসব হয়।” এরপরই তাঁর গলায় শোনা যায় শ্লেষ, “কিন্তু আমি দেখলাম, এবার আমাদের পার্টির লোকেদেরও খুবই উৎসাহ ছিল। উৎসাহ তাঁদের মধ্যে ছিল, যাঁরা ওখানে ডিম ভাত খেয়ে এসেছেন। আমাদের বিজেপির লোকেদের কোনও সমস্যা নেই এই নিয়ে।” দিলীপের এই মন্তব্য স্পষ্টতই ইঙ্গিত করছে সেইসব নেতাদের দিকে, যারা অতীতে তৃণমূলের ২১ জুলাইয়ের সভায় যোগ দিতেন এবং বর্তমানে বিজেপিতে রয়েছেন।

দিলীপের নিজের ‘২১ জুলাই’ জল্পনা এবং ইউটার্ন
প্রসঙ্গত, কয়েকদিন আগেই দিলীপ ঘোষের মুখেই শোনা গিয়েছিল, “একুশে কোনও না কোনও মঞ্চে থাকব।” এই মন্তব্যে রাজনৈতিক মহলে তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা তৈরি হয়। প্রশ্ন উঠতে শুরু করে, দিলীপ ঘোষ কি তবে নতুন করে কিছু ভাবছেন? কিন্তু তার পরেই এই জল্পনা প্রশমিত হয় যখন তিনি বিজেপির সদ্য নির্বাচিত সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন। এরপরই সামাজিক মাধ্যমে পোস্টে বিজেপি নেতা সাফ জানান, একুশে জুলাই নিয়ে তাঁর কোনও মাথাব্যথাই নেই।

আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ আরও স্পষ্ট করে জানালেন, “একুশের জুলাই নিয়ে জল্পনা তো মানুষে করবেই, কিন্তু বিজেপি কর্মীদের কোনও উৎসাহ নেই।”

দিলীপ ঘোষের এই মন্তব্য একদিকে যেমন তৃণমূলকে খোঁচা দিয়েছে, তেমনই বিজেপির অন্দরেও এক ধরনের অস্বস্তি তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ২১ জুলাইয়ের আগে এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।