ফের নিম্নচাপ বঙ্গজুড়ে, নেপথ্যে রয়েছে ঘূর্ণাবর্ত! রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, সতর্ক করছে হওয়া অফিস

অপেক্ষার অবসান ঘটিয়ে ফের নিম্নচাপের দাপট শুরু হতে চলেছে বঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসছে, যা নিম্নচাপের রূপ নেবে। এর প্রভাবে সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় বঙ্গে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, এবং হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে।
কলকাতার আবহাওয়া:
সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এর ফলে তাপমাত্রার পারদ কমবে এবং আবহাওয়া তুলনামূলক শীতল হবে।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা:
নিম্নচাপের জেরে আগামী ৫ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষার প্রভাবে আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বহু জায়গায় কমবেশি বৃষ্টিতে ভিজতে পারে সারা সপ্তাহ ধরে।
উত্তরবঙ্গের পরিস্থিতি:
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এরপর বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়ারও বদল হতে পারে এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে সব জেলাতেই।
সব মিলিয়ে, এই নতুন নিম্নচাপের প্রভাবে গোটা রাজ্যেই বর্ষার দাপট বাড়বে বলে মনে করা হচ্ছে।