বাংলা ভাষার অপমান! ২১শে জুলাইয়ের আগে প্রতিবাদ মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

“বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।” এই অভিযোগ তুলে এবং বাঙালি অস্মিতাকে শান দিতে এবার প্রতিবাদে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আসন্ন ২১শে জুলাইয়ের আগেই বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ই জুলাই, বুধবার কলকাতায় একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেবেন তিনি।

রবিবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকে জানান যে, বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে আগামী ১৬ই জুলাই দুপুর ১টায় একটি মিছিল বের করা হবে। এই মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে। কলকাতা, হাওড়া, সল্টলেক এবং ভাঙরের মানুষ এই মিছিলে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

একই দিনে দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলার কর্মীরাও প্রতিবাদ মিছিল করবেন। এর মাধ্যমে সারা বাংলা জুড়ে প্রতিবাদের এক সংগঠিত রূপ দেখা যাবে।

গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “ভারতবর্ষে জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র, দুটোই বাংলার মানুষের লেখা। যে রাষ্ট্রের মানুষ এই দুটি গীত-সঙ্গীতকে সম্মান জানায়, বাংলা ভাষার মানুষদের অবাক হয়ে দেখত, সেখানেই বাংলা ভাষা বলছে বলে অপমান করা হচ্ছে! এটা কোন দেশ, কোন রাষ্ট্র? আজ কী হচ্ছে? বাংলা বললে বলা হচ্ছে, ধরো ওকে। জেলে পুরে দাও। ডিটেনশন ক্যাম্পে থাকুক। বাংলা ভাষা বলা যাবে না। ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যে বাংলা বলতে বাধা দেওয়া হচ্ছে। বাঙালি হলে তারা ভারতবাসী নয়? এটা ভারতবর্ষের রাজধানীতে এই কাজ হচ্ছে।”

তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনের পর রাজ্যের শাসক দলের এই পদক্ষেপ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ভাষাগত বৈষম্যের অভিযোগকে আরও একবার সামনে আনবে।