“চাকরি হারাচ্ছেন ৯ হাজার কর্মী!”-ফের কর্মী ছাঁটাই করার পথে মাইক্রোসফট

একসময় কর্মসংস্থানের অপার সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া তথ্য-প্রযুক্তি খাত এখন কর্মী ছাঁটাইয়ের অভিশাপে জর্জরিত। কোভিড-১৯ মহামারীর পর থেকে বিশ্বের বহু বিখ্যাত প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে, আর এই তালিকায় অন্যতম প্রধান নাম হলো মাইক্রোসফট। আকস্মিকভাবে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করে চলেছে এই টেক জায়ান্ট। চলতি বছরে ইতোমধ্যেই ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের পর, এবার আরও কয়েক হাজার কর্মী চাকরি হারাতে চলেছেন বলে জানা গেছে।

সূত্রের খবর অনুযায়ী, মাইক্রোসফট এবার বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। কোম্পানিটির মোট কর্মীর প্রায় চার শতাংশ, অর্থাৎ প্রায় ৯ হাজার ১০০ জন কর্মী চাকরি হারাতে পারেন। ২০২৩ সালের পর এটিই হবে সংস্থাটির সবচেয়ে বড় ছাঁটাই প্রক্রিয়া। যদিও এই ছাঁটাই নিয়ে এখনো পর্যন্ত মাইক্রোসফটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

জানা গেছে, এবারের ছাঁটাইয়ের ঝড় মূলত মাইক্রোসফটের বিক্রয় বিভাগের (সেলস টিমের) কর্মীদের ওপর দিয়ে যাবে। অর্থাৎ, এই বিভাগের কর্মীদের একটি বড় অংশই এবার চাকরি হারাতে পারেন।

বর্তমানে বিশ্বজুড়ে মাইক্রোসফটের কর্মীর সংখ্যা প্রায় ২ লাখ ২৪ হাজার। এর আগে ২০২২ সালে দুইবার এবং ২০২৩ সালে একবার কর্মী ছাঁটাই করা হয়েছিল। প্রযুক্তির জয়যাত্রা যেখানে নতুন দিগন্ত উন্মোচন করার কথা ছিল, সেখানে বারবার এই কর্মী ছাঁটাইয়ের ঘটনা প্রযুক্তি কর্মীদের মধ্যে এক অনিশ্চয়তার বাতাবরণ তৈরি করেছে।