অ্যাপলের কারখানা থেকে চীনা কর্মীদের প্রত্যাহার, ভারতে সংকটে আইফোন উৎপাদন?

টেক জায়ান্ট অ্যাপলের ভারতভিত্তিক উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা বড় ধরনের ধাক্কা খেল। আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফক্সকন তাদের দক্ষিণ ভারতের কারখানাগুলি থেকে শত শত চীনা প্রকৌশলী ও কারিগরি কর্মীকে ফিরিয়ে নিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী, এই আকস্মিক কর্মী প্রত্যাহার ভারতের বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র হওয়ার স্বপ্নকে আঘাত হানতে পারে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গত দুই মাস আগে দক্ষিণ ভারতের বিভিন্ন আইফোন কারখানায় নিযুক্ত চীনা কর্মীদের অধিকাংশকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে ৩০০ জনের বেশি কর্মী ভারত ছেড়ে গেছেন এবং বর্তমানে তাইওয়ানের সহায়তাকারী কর্মীরা তাদের দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে এখনো পর্যন্ত অ্যাপল বা ফক্সকনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে, চীনের মৌখিক চাপ এবং প্রযুক্তি স্থানান্তর রোধের কৌশল এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। চলতি বছরেই চীনের কর্মকর্তারা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রযুক্তি স্থানান্তর ও যন্ত্রপাতি রপ্তানিতে বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছিলেন।
দীর্ঘদিন ধরে চীনা কর্মীরা অ্যাপলের উৎপাদন দক্ষতা ও প্রযুক্তির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে আসছেন। ফক্সকনের দক্ষিণ ভারতের কারখানাগুলোতে এখন ভারতীয় কর্মীদের প্রশিক্ষণ এবং প্রযুক্তি হস্তান্তরে বিলম্ব হচ্ছে, যার ফলে উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।
একটি অভ্যন্তরীণ সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে, চীনা কর্মীরা চলে যাওয়ায় প্রোডাকশনের মানে তেমন প্রভাব না পড়লেও কারখানার উৎপাদন দক্ষতায় বড় প্রভাব পড়বে। এটি ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ স্বপ্নকে অনেকটাই পিছিয়ে দিতে পারে।
অ্যাপলের লক্ষ্য ছিল, ২০২৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া সিংহভাগ আইফোন চীনের বাইরে, অর্থাৎ ভারতে তৈরি করা হবে। বর্তমানে ভারতে প্রায় চার কোটি আইফোন উৎপাদিত হয়, যা অ্যাপলের বার্ষিক উৎপাদনের প্রায় ১৫ শতাংশ। এই কর্মী প্রত্যাহারের ঘটনা অ্যাপলের সেই উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য পূরণে একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
বিশ্লেষকদের মতে, ভারত-চীন প্রযুক্তি প্রতিযোগিতা এবং ভূরাজনৈতিক টানাপোড়েন এই কর্মী প্রত্যাহারের মূল কারণ। এটি শুধু অ্যাপলের উৎপাদন পরিকল্পনাকেই প্রভাবিত করবে না, বরং ভারতের বৈশ্বিক প্রযুক্তি হাব হিসেবে উত্থানের পথেও বাধা সৃষ্টি করতে পারে।
সূত্র: এনডিটিভি