কখনও মেঘ, কখনও রোদের তেজ! সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা লিস্টে?

বঙ্গোপসাগরে সৃষ্ট জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গজুড়ে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের প্রায় সর্বত্রই এই বৃষ্টির প্রভাব দেখা যাবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া:

আজ, বৃহস্পতিবার: দক্ষিণের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, তবে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা বিশেষভাবে উল্লেখ্য। কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার: কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া ও হুগলি— এই ছয় জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শনিবার (উইকেন্ড): সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা— এই দশ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হতে পারে।

রবিবার: রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া:

আজ, বৃহস্পতিবার: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার— উত্তরবঙ্গের উপরের এই পাঁচটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শুক্রবার: জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

শনিবার: দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার: জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে।

সামগ্রিকভাবে, আংশিক মেঘলা আকাশ থাকবে এবং রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে এবং বজ্রবিদ্যুৎসহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।