বক্সঅফিসে মুখ থুবড়ে পড়বে ‘ব্রহ্মাস্ত্র’ : অমিতাভ বচ্চন

‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে বেশ আশাবাদী গোটা বলিউড। এই বিগ বাজেটের সিনেমাটি দিয়েই বলিউড আবারো দর্শকদের ফেরাবে তাদের নিজের ধারায়, এমনটাই আশা রাখছেন বলিউডের বিশেষ সকল নির্মাতা ও কলাকুশলীরা। সিনেমাটির অগ্রিম বুকিংয়ের হিসেব দেখেও এমনটাই মনে করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞরা। কিন্তু সেই ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে হতাশা জানিয়ে এর ব্যর্থতার বিষয়ে ভবিষ্যতবাণী করেছিলেন খোদ বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন! তিনি নিজেও এই সিনেমার প্রধান একজন চরিত্র।
বলিউডে সম্প্রতি শোনা যাচ্ছে এমনই একটি গুঞ্জন।
শোনা যায়, ‘ব্রহ্মাস্ত্র’ এর শ্যুটিং চলাকালে বারবার পিছিয়ে যাচ্ছিল সিনেমাটির শ্যুট। সময়মত কাজ এগুতে পারছিল না। আর তাতেই বেশ রেগে যান বলিউড ‘বিগ বি’। সিনেমা তৈরি হওয়ার আগেই সেটি নিয়ে করে ফেলেছিলেন ভবিষ্যতবাণী। পরিচালক অয়নের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, একটি বিপর্যয়ে পরিণত হবে ‘ব্রহ্মাস্ত্র’! মুখ থুবড়ে পড়বে।

সম্প্রতি সিনেমাটির সঙ্গে সংযুক্ত এক ঘনিষ্ঠ সূত্র থেকে এই তথ্য জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক সেই সূত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘অমিতাভ বচ্চনের মতো একজন নিয়মনিষ্ঠ মানুষ অয়নের শ্যুটিং পিছিয়ে দেওয়া নিয়ে মোটেই সন্তুষ্ট ছিলেন না। তার উপরে বার বার রিশ্যুট করা হচ্ছিল কিছু দৃশ্য। এক পর্যায়ে উনি অয়নের উপর আস্থা হারিয়ে ফেলেন। প্রযোজক করণ জোহরের সঙ্গে দেখা করে তাঁকে বলেন যে অয়ন তাঁর সময় নষ্ট করাচ্ছেন। ’

শুধু তাই নয়, করণকে এই সিনেমার পেছনে অর্থ ব্যয় না করার উপদেশও দিয়েছিলেন অমিতাভ। তিনি ভেবেছিলেন এত মন্থর গতিতে কাজ করলে এই সিনেমা কখনো সফল হবে না। অবশ্য নিজের রাগ অভিমান ভুলে বর্তমানে সিনেমাটির প্রচারনায় যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বিগ বি। সফলতা কামনা করছেন বলিউডের অন্যতম প্রতীক্ষিত এই সিনেমাটির। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *