“ধর্ষণ হলে লাভবাইট কোথা থেকে এল?”-ফাঁসানো হচ্ছে অভিযুক্তকে, দাবি মনোজিতের আইনজীবীর

কসবা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার মনোজিৎ মিশ্রর পক্ষে মঙ্গলবার চাঞ্চল্যকর বক্তব্য দিলেন তাঁর আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায়। আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা একটা ষড়যন্ত্র। মনোজিৎকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ তৈরি করা হয়েছে। ধর্ষণের ঘটনা সত্যি হলে অভিযুক্তের গলায় লাভ বাইটের চিহ্ন কীভাবে থাকতে পারে?”

রাজু গঙ্গোপাধ্যায় আরও জানান, “আমার মক্কেলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করা হয়েছে। তিনি কোনও অপরাধ করেননি। এই মামলা এখন আদালতের বিবেচনাধীন, তাই সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। তবে উপযুক্ত সময়ে সত্য সামনে আসবে।” তিনি সিসিটিভি ফুটেজ নিয়েও প্রশ্ন তুলে বলেন, “অপহরণ বা ধর্ষণের যে অভিযোগ উঠেছে, তা সিসিটিভি ফুটেজে মেলে না। এসব সম্পূর্ণ মিথ্যা।”

আইনজীবীর এই বক্তব্য নিয়ে সমাজের বিভিন্ন মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। একদল মানুষ মনে করছেন, এই ধরনের মন্তব্য নির্যাতিতার মানসিক যন্ত্রণাকে আরও গভীর করবে। অন্যদিকে, মনোজিতের পরিবার তাঁর আইনজীবীর বক্তব্যের সমর্থনে বলেছে, “আমাদের ছেলেকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হচ্ছে। এটা একটা গভীর ষড়যন্ত্র।”

গত ২৫ জুন কসবা আইন কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মনোজিৎ মিশ্র-সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। চারদিনের পুলিশি হেফাজতের পর মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করা হয়। পুলিশ এই মামলায় দশ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে।