ফের বোয়িং ৭৮৭ বিমানে বিপত্তি, হানোই বিমানবন্দরে মুখোমুখি সংঘর্ষ, সাসপেন্ড ৪ পাইলট

আহমেদাবাদের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনার কেন্দ্রে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। শুক্রবার ভিয়েতনামের হানোই বিমানবন্দরে উড়ানের প্রস্তুতি নেওয়ার সময় একটি বোয়িং ৭৮৭ বিমানের লেজ ধাক্কা খেল রানওয়েতে দাঁড়িয়ে থাকা অন্য একটি এয়ারবাসের ডানায়। এই ঘটনায় বোয়িং বিমানের লেজের একাংশ ভেঙে পড়ে, বাতিল হয় যাত্রা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও ঝড় তুলেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে, যখন বোয়িং ৭৮৭ বিমানটি হানোই থেকে হো চি মিন শহরের উদ্দেশ্যে উড়ান নেওয়ার জন্য রানওয়েতে প্রস্তুত হচ্ছিল। হঠাৎ করেই ঘটে যায় এই অপ্রত্যাশিত সংঘর্ষ। দৃশ্যতই, বোয়িং বিমানের লেজ এয়ারবাসের ডানায় লেগে ক্ষতিগ্রস্ত হয়।

সাম্প্রতিক অতীতে আহমেদাবাদে বোয়িং ৭৮৭ মডেলের একটি বিমানের দুর্ঘটনা বোয়িং কোম্পানির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল। এবার ভিয়েতনামের এই ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিল, যদিও এবারের ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে কম।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ঘটনার পরপরই দুটি বিমানের পরিচালনার দায়িত্বে থাকা চারজন পাইলটকে সাসপেন্ড করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, এয়ারবাসটি সঠিকভাবে পার্কিং না করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

এই ঘটনা আবারও বিমানবন্দরগুলিতে গ্রাউন্ড অপারেশন এবং পাইলটদের সতর্কতার গুরুত্বের ওপর জোর দিয়েছে। একই সাথে, বারবার বোয়িং ৭৮৭ মডেলের সঙ্গে যুক্ত দুর্ঘটনার খবর উড়ানযাত্রীদের মনে কিছুটা হলেও সংশয় তৈরি করছে। যাত্রীরা ভোগান্তির শিকার হলেও, বড় কোনো বিপদ এড়ানো গেছে এটাই স্বস্তির বিষয়।