মাসের শুরুতেই সুখবর! কমল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার কিনতে কত টাকা গুনতে হবে আপনাকে?

মাসের শুরুতেই এল সুখবর—কিন্তু সব রান্নাঘরের জন্য নয়। কেন্দ্রীয় সরকার এক ধাক্কায় বাণিজ্যিক গ্যাসের দাম কমিয়ে দিয়েছে ৫৮.৫০ টাকা। তবে এই ঘোষণার প্রভাব আপনার ঘরের হেঁশেলে পড়বে না। কেননা, দাম কমেছে কেবলমাত্র হোটেল, রেস্তোরাঁ বা অন্যান্য বাণিজ্যিক কাজে ব্যবহৃত ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, পেট্রোলিয়াম মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার যেখানে আগে ১৭২৩ টাকা ছিল, তা কমে দাঁড়িয়েছে ১৬৬৫ টাকায়। কলকাতায় সেই দাম ১৮০২ টাকা থেকে নেমে এসেছে ১৭৪৪ টাকায়।

এই নিয়ে চলতি বছরে তৃতীয়বার বাণিজ্যিক গ্যাসের দাম কমল। ফেব্রুয়ারিতে কমেছিল ৭ টাকা, যদিও মার্চেই ৬ টাকা বেড়েছিল। এরপর এপ্রিল মাসে ৪১ টাকা, জুনে ২৪ টাকা এবং এবার জুলাইয়ে ৫৮.৫০ টাকা ছাঁটাই।

তবে বাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম এখনও অপরিবর্তিত। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনও ঘোষণাই করেনি। যার ফলে মধ্যবিত্তের হেঁশেল খরচে কোনও স্বস্তি নেই।

পরিসংখ্যান বলছে, দেশে প্রায় ৯০ শতাংশ এলপিজি ব্যবহারকারী ঘরোয়া প্রয়োজনে গ্যাস কিনে থাকেন। মাত্র ১০ শতাংশ ব্যবহার হয় বাণিজ্যিক ক্ষেত্রে। সেই হিসেবে বাণিজ্যিক গ্যাসে ধারাবাহিক ছাড় মিললেও, ঘরোয়া রান্নাঘরের খরচে এখনও কোনও রকম সুরাহার চিহ্ন নেই।