গণধর্ষণ-কাণ্ডে ৬ দিন পর অবশেষে কঠোর পদক্ষেপ নিল কসবার আইন কলেজ কর্তৃপক্ষ

ঘটনার ছ’দিন পর অবশেষে কঠোর পদক্ষেপ নিল কসবার আইন কলেজ কর্তৃপক্ষ। গণধর্ষণের মূল অভিযুক্ত, যিনি কলেজের অস্থায়ী কর্মী ছিলেন এবং একসময় এখানকার ছাত্রও ছিলেন, তাঁকে বহিষ্কার করা হল। অভিযোগ, তিনি শুধু শাসক দলের ছাত্র সংগঠনের নেতা নন, কলেজের অন্দরমহলেও তাঁর প্রভাব ছিল বিস্তর।
বিকাশ ভবনের নির্দেশ অনুযায়ীই কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। অভিযুক্ত ওই টিএমসিপি নেতার সঙ্গে পাশাপাশি আরও দুই গ্রেফতার হওয়া পড়ুয়ার স্টুডেন্টশিপও বাতিল করা হয়েছে। এর অর্থ, ওই দুই অভিযুক্ত আর কখনও এই কলেজে পড়াশোনা করতে পারবে না।
শুধু বহিষ্কারেই থেমে থাকছে না কলেজ। ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ আনাগোনা রুখতে নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনার ভাবনাচিন্তা চলছে। কারণ, গত কয়েক দিনে কলেজ চত্বরে অনিয়ম ও অশান্তি নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে। অভিযুক্তের বিরুদ্ধে এমনও অভিযোগ উঠেছে, কলেজে ভর্তি করানোর নাম করে মোটা টাকা আদায় করত সে।
এদিকে, গণধর্ষণ-কাণ্ডের তদন্তে গতি এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই নির্যাতিতাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্গঠন করা হবে। পাশাপাশি দ্বিতীয়বার মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতিও শুরু হয়েছে।