বৃষ্টিতে ভিজে খেলতে চেয়েছিল ছেলে, রেগে গিয়ে চাকু চালালেন বাবা, তার পর…যা ঘটলো?

বৃষ্টির দিনে বাইরে খেলতে যাওয়ার ‘অপরাধে’ নিজের ১০ বছরের সন্তানকে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। দক্ষিণ-পশ্চিম দিল্লির সাগরপুর এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা। রবিবার দুপুরে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে দিল্লির সাগরপুর এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেখানেই বাবা ও তিন ভাইবোনের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকত নিহত শিশুটি। বৃষ্টির সময় ছেলেটি ঘরের বাইরে খেলতে বেরিয়েছিল। এটি দেখেই বাবার মাথায় রক্ত উঠে যায়। অভিযোগ, রান্নাঘর থেকে ছুরি এনে বাবা নিজের ছেলেকেই আঘাত করেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শিশুটিকে বাঁচানো যায়নি।
এই ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের আর্তনাদ ভারী করে তুলেছে এলাকার বাতাস। পুলিশ জানিয়েছে, শিশুটির মা কয়েক বছর আগেই মারা গেছেন। বাবা একাই তার চার ছেলেমেয়ের দেখাশোনা করতেন।
নিহত শিশুটির এক বোন সাংবাদিকদের জানায়, “আজ আমার ভাই বৃষ্টিতে খেলতে বাইরে গিয়েছিল। কিন্তু আমার বাবা আপত্তি জানিয়েছিল। ছুরি নিয়ে ওর পিছনে দৌড়ে যায়। ওর বুকে ছুরিকাঘাত করে। আমি চাই বাবার কঠোর শাস্তি হোক।”
অপর এক ভাইও ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলে, “আমার বাবা মত্ত অবস্থায় ছিলেন এবং তিনি আমাদের কোনো আর্জি শুনছিলেন না। তিনি হঠাৎ আমার ভাইকে ছুরিকাঘাত করেন।”
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজও উদ্ধার করা হয়েছে, যা তদন্তে সহায়ক হবে। ঘটনার তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
বৃষ্টিতে ভিজে খেলার মতো নিষ্পাপ ইচ্ছার এমন ভয়াবহ পরিণতি সমাজের গভীর ক্ষতকে তুলে ধরেছে। এই ঘটনা প্রশ্ন তুলেছে পারিবারিক সহিংসতা, মাদকাসক্তি এবং শিশুদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলি নিয়ে।