SPORTS: আজ ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, জেনেনিন করা রয়েছেন এগিয়ে?

আজ মুখোমুখি হতে যাচ্ছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট দল ভারত ও পাকিস্তান। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোর পর্বের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এর আগে প্রথম ম্যাচে টানটান উত্তেজনায় ম্যাচ জমিয়ে শেষ পর্যন্ত ভারতের ঝুড়িতে উঠেছিল জয়ের ফসল। তবে এই ম্যাচে বেশ কিছু সমীকরণে এসেছে পরিবর্তন।

ভারতের তিন ফরম্যাটের গুরুত্বপূর্ণ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এমন এক চোট পেয়েছেন যা তাকে চলমান এশিয়া কাপ তো বটেই- সামনের মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও ছিটকে দিয়েছে। এই অলরাউন্ডারের হাঁটুতে অস্ত্রপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

সীমিত ওভারের ক্রিকেটে তিনি এমনই এক অপশন যিনি ব্যাট হাতে ম্যাচ জেতাতে পারেন। উইকেটে দ্রুত গতিতে দৌড়ে রান তুলে নিতে পারেন। প্রয়োজনে বাউন্ডারি হাঁকাতে পারেন। রবীন্দ্র জাদেজা একজন দুর্দান্ত ফিল্ডার। গত কয়েক বছরে বেশ কিছু চমকপ্রদ ক্যাচ নিয়েছেন তিনি যা বহুদিন হাইলাইটসে দেখা যাবে।

তিনি অধিনায়কের কাছে অন্যতম ভরসার জায়গা। যখনই উইকেটের প্রয়োজন হয় রবীন্দ্র জাদেজা বল হাতে ব্যাটসম্যানকে চাপে ফেলতে পারেন। এমন একজন অলরাউন্ডার না থাকা নিশ্চিতভাবেই ভারতের জন্য ভালো কোনো খবর নয়। জাদেজার বদলে এশিয়া কাপের দলে জায়গা করে নিয়েছেন অক্ষর প্যাটেল। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকিনফোর বিশ্লেষণে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর মন্তব্য হলো, জাদেজার অভাব হয়তো পূরণ করা কঠিন হবে কিন্তু অক্ষর প্যাটেলও দারুণ ফর্মে আছেন। আকশার সম্প্রতি কয়েকটি সিরিজে ভারতের হয়ে নিয়মিত খেলছেন।

ভারতের ব্যাটিং লাইন আপ জ্বলে উঠতে পারেনি

২০২২ সালের আগে রোহিত শর্মা যেভাবে ব্যাট করতেন ঠিক সেভাবে হাত খুলে ব্যাট করতে পারছেন না চলতি বছর। তিনি শেষ সেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দুই বছর হয়ে গেছে। এই বছর রোহিত শর্মার টি-টোয়েন্টি গড় ২৩ এর মতো। পনের ম্যাচ খেলে মাত্র একটি ফিফটি করেছেন তিনি। যদিও বিরাট কোহলি ১০ ইনিংসে চারটি ফিফটি হাঁকিয়েছেন, চলতি বছর ছয় ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৭৫ রান। কিন্তু তার স্ট্রাইক রেট ছিল ১২৪। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও তাকে ঠিক নিজের মতো সাবলীল মনে হয়নি, বেশিরভাগ বলই তিনি বুঝে উঠতে পারেননি, ব্যাটের কিনারায় লাগছিল বলগুলো, যদিও তার ৩৪ বলে ৩৫ রানের ইনিংসটি ভারতের ব্যাটিং লাইন আপে এনে দিয়েছিল স্থিতিশীলতা।

সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো- লোকেশ রাহুলের ফর্ম, নাসিম শাহ-এর বলে বোল্ড হয়েছেন প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে তিনি হংকং-এর বিপক্ষে ৩৯ বলে ৩৬ রানরে একটি ধীর ইনিংস খেলেন, যা টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে ঠিক মানানসই নয়।

দুই দলের পাওয়ার হিটার

হংকংয়ের বিপক্ষে সুরিয়াকুমার ইয়াদাভ ও পাকিস্তানের খুশদিল শাহ প্রমাণ করেছেন সুযোগ পেলে তারা যে কোনো ম্যাচের চেহারা পাল্টে দিতে পারেন। ২০২২ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সুরিয়াকুমারের চেয়ে বেশি রান আর কেউ করেননি। প্রায় দুইশোর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। এই বছর তার রান রেট গডড়ে প্রায় ৪৩।

পাকিস্তানের খুশদিল শাহ হংকংয়ের বিপক্ষে পাঁচটি ছক্কা হাঁকিয়ে দলের রানের চাকায় গতি এনে দিয়েছিলেন। খুশদিল, আসিফ আলি, শাদাব খান- এই ধরনের ব্যাটসম্যানরা যতো বেশি বল খেলতে পারবেন পাকিস্তান ততই বড় স্কোর গড়তে পারবে।

দুই দলের অলরাউন্ডারদের টক্কর

প্রথম ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়া প্রমাণ করেছেন কেন তিনি আধুনিক ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী অলরাউন্ডারদের একজন। আজও তার ওপর নজর থাকবে। ওদিকে সময়ের অন্যতম সেরা লেগস্পিনার শাদাব খান, ব্যাট হাতেও ভূমিকা রাখতে চাইবেন। তিনি পাকিস্তানের হয়ে ২০২২ সালে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে।

আজকের ম্যাচটি হবে দুবাইয়ে, নিশ্চিতভাবেই এই ম্যাচে টসের ভূমিকা থাকবে। এখনো পর্যন্ত টসে জিতে বোলিং নেয়া দলগুলোই ম্যাচে এগিয়ে থাকছে শেষ পর্যন্ত।

সূত্র: বিবিসি