“সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলগুলি আর নিরাপদ নয়…”-পাকিস্তানকে তুলোধোনা রাজনাথ সিংহের

চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে দাঁড়িয়ে নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের পূর্বানুমান সত্যি প্রমাণ করে, রাজনাথ সিং সন্ত্রাসবাদ নিয়ে তাঁর কঠোর অবস্থান আবারও স্পষ্ট করলেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, “কিছু দেশ সীমান্তপারের সন্ত্রাসবাদকে নীতিগত ভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে। এই ধরনের দ্বিমুখী নীতির কোনো স্থান থাকা উচিত নয়। এই প্রেক্ষাপটে কোনো দেশের সমালোচনা করার ক্ষেত্রে SCO-র কোনো দ্বিধা করা উচিত নয়।”
গত ২২শে এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলার পর আন্তর্জাতিক মঞ্চে ভারতের পক্ষ থেকে এটি আবারও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা। রাজনাথ সিং তাঁর বক্তৃতায় জোর দিয়ে ‘অপারেশন সিঁদুর’-এর কথাও উল্লেখ করেন, যা গত ৭ই মে সীমান্ত সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে ভারত দ্বারা পরিচালিত হয়েছিল। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স নীতি’-র উপর গুরুত্ব আরোপ করেন।
প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা বুঝিয়ে দিয়েছি সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলগুলি আর নিরাপদ নয় এবং আমরা তাদের টার্গেট করতে দ্বিধা বোধ করব না।” এই মন্তব্যটি ভারতের দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ।
রাজনাথ সিং শান্তি, নিরাপত্তা এবং পারস্পরিক আস্থার অভাবকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন। তিনি আলোচনার মাধ্যমে শান্তি বজায় রাখার উপর জোর দেন এবং বলেন, “বহুপাক্ষিক কথাবার্তা এবং সহযোগিতার ব্যবস্থা তৈরি হলে তা দেশগুলির মধ্যে সংঘাত রোধ করতে সাহায্য করতে পারে বলে ভারতের বিশ্বাস।” তাঁর মতে, কোনো বড় বা শক্তিশালী দেশের পক্ষেও একা সন্ত্রাসবাদের মোকাবিলা করা সম্ভব নয়। এর জন্য সম্মিলিত আন্তর্জাতিক প্রচেষ্টা অপরিহার্য।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি খাজা আসিফ উপস্থিত ছিলেন। তাঁর সামনেই রাজনাথ সিং এই কড়া বার্তা দেন, যা কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। ২৫শে জুন থেকে ২৭শে জুন পর্যন্ত চলা এই বৈঠকে ভারত, চীন, পাকিস্তান, রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, ইরান-সহ ১০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নিচ্ছেন। রাজনাথ সিং-এর এই বক্তব্য নিঃসন্দেহে SCO প্ল্যাটফর্মে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।