সরকারি অনুষ্ঠানে এলাহি ভোজ, প্লেট পিছু খরচ ৫০০০ টাকা! বিরোধীদের তোপে শাসক

রাজ্যের আর্থিক সংকটের ছবি বারবার উঠে এসেছে আলোচনায়। অথচ সেই পরিস্থিতিতেই সরকারি অনুষ্ঠানে বিপুল খরচ করে এলাহি ভোজ—চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের। চাঞ্চল্য ছড়িয়েছে যখন সামনে এসেছে তথ্য, মাথা পিছু খাবারের খরচ ৫০০০ টাকা! তাও আবার রুপোর থালায় পরিবেশন! বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসক শিবিরকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা।
সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত হয়েছিল সংসদের এসটিমেটস কমিটির প্ল্যাটিনাম জুবিলি মিটিং। দুই দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। গোটা দেশ থেকে প্রায় ৬০০ অতিথি আমন্ত্রিত ছিলেন এই সরকারি আয়োজনে। সূত্রের দাবি, অতিথিদের আপ্যায়নে রাজ্য সরকার খরচ করেছে মাথা পিছু ৫০০০ টাকা করে। পরিবেশন হয়েছে রুপোর থালায়, যার ভাড়া ৫৫০ টাকা প্রতি প্লেট।
খবর সামনে আসতেই কংগ্রেসসহ একাধিক বিরোধী দল তীব্র সমালোচনায় মুখর হয়। কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিয়র কটাক্ষ করে বলেন, “যখন রাজ্যের আর্থিক স্বাস্থ্য বিপর্যস্ত, তখন এই ধরনের বিলাসী খরচ অগ্রহণযোগ্য। কৃষকদের ঋণ মকুব করা হচ্ছে না, উন্নয়ন প্রকল্পের বাজেট কাটছাঁট হচ্ছে, আর সেখানে রুপোর থালায় খাবার পরিবেশনের কী প্রয়োজন?”
এক সমাজকর্মীর অভিযোগ, দুই দিনের এই আয়োজনে প্রায় ২৭ লক্ষ টাকা খরচ করা হয়েছে। শুধু খাবারেই মাথা পিছু খরচ হয়েছে প্রায় ৪৫০০ টাকা, তার সঙ্গে রুপোর থালার জন্য আরও ৫৫০ টাকা করে যুক্ত হয়েছে। অতিথিদের থাকার জন্য বুক করা হয়েছিল তাজ প্যালেস ও ট্রিডেন্টের মতো বিলাসবহুল হোটেল, এসি ডাইনিং টেন্ট, ঝাড়বাতি, লাল গালিচা—সব মিলিয়ে আয়োজনে মাটি ছুঁয়েছে রাজকীয় ব্যয়।
তবে এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। বিরোধীদের প্রশ্ন, এই বিলাসিতার দায় কে নেবে? আর সাধারণ মানুষের টাকায় এহেন খরচ কি নৈতিকভাবে ঠিক?