“সিতারে জামিন পর”-সিনেমায় নিজের রেকর্ড নিজেই ভাঙলেন আমির, বাড়লো কালেকশন

মুক্তির মাত্র চার দিনের মাথায় বক্স অফিসে ঝড় তুলেছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’। দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়ে ছবিটি প্রথম সপ্তাহান্তেই দুর্দান্ত ব্যবসা করেছে, যা আমিরের নিজের অতীতের রেকর্ডকেও ছাপিয়ে গেছে।
‘স্যাকনিল্ক’-এর প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিন, শুক্রবার (২০ জুন) ছবিটি আয় করে ১০.৭ কোটি টাকা। এরপর শনিবারে ২০.২ কোটি টাকা এবং রবিবার ২৭.২৫ কোটি টাকা সংগ্রহ করে বক্স অফিসে নিজেদের অবস্থান মজবুত করে। সোমবার কিছুটা আয় কমলেও, ৮.২৭ কোটি টাকা সংগ্রহ করে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৬৬.৪২ কোটি টাকা-তে। এর মাধ্যমে আমির খান তাঁর পূর্ববর্তী ছবি ‘লাল সিং চাড্ডা’-এর ভারতীয় কালেকশন (৬১.৩৬ কোটি টাকা) ভেঙে নতুন রেকর্ড গড়লেন।
শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী বক্স অফিসেও ‘সিতারে জমিন পর’ এর জয়যাত্রা অব্যাহত। মাত্র তিন দিনে ছবিটি ৯৫.৭৫ কোটি টাকা আয় করে এবং চতুর্থ দিনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।
প্রশংসা কুড়াচ্ছে গল্প ও অভিনয়
আর.এস. প্রসন্ন পরিচালিত এই ছবিতে আমির খান একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি দশটি বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চাকে একটি টুর্নামেন্টের জন্য প্রস্তুত করেন। ছবির হৃদয়গ্রাহী গল্প এবং আমির খানের শক্তিশালী অভিনয় বলিউড তারকাদেরও মুগ্ধ করেছে। জাভেদ আখতার, রীতেশ দেশমুখ এবং মহেশ বাবুর মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় ‘সিতারে জমিন পর’-এর ভূয়সী প্রশংসা করেছেন।
আমির খান ছাড়াও ছবিতে জেনেলিয়া ডি’সুজা, আরোশ দত্ত, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালির মতো গুণী শিল্পীরা অভিনয় করেছেন। সমালোচক ও দর্শক মহলে ইতিবাচক প্রতিক্রিয়ার ফলে চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন, আগামী দিনগুলোতে ‘সিতারে জমিন পর’ বক্স অফিসে আরও বড় রেকর্ড গড়তে পারে।