সিন্ধু জল চুক্তি ইস্যুতে ফের ভারতকে যুদ্ধের হুমকি বিলাওয়াল ভুট্টোর

পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ফের একবার ভারতকে কার্যত যুদ্ধের হুমকি দিলেন। সোমবার পাকিস্তানের পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যদি ভারত সিন্ধু জল চুক্তি অনুযায়ী পাকিস্তানের ন্যায্য জলের অংশ না দেয়, তাহলে আমরা যুদ্ধের দিকে এগোতে বাধ্য হব।”
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়। ওই ঘটনার পরপরই ভারত ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু জল চুক্তি (Indus Waters Treaty) স্থগিত করে। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সপ্তাহে জানান, “এই চুক্তি আর কখনও কার্যকর হবে না।”
এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তান। ইসলামাবাদ ভারতের পদক্ষেপকে “আন্তর্জাতিক চুক্তির সরাসরি লঙ্ঘন” বলে দাবি করে। এই বক্তব্যের পরই পাকিস্তানের তরফে পাল্টা প্রতিক্রিয়া দেন বিলাওয়াল।
বিলাওয়াল বলেন, “ভারতের সামনে দুটি পথ রয়েছে— হয় তারা ন্যায্য জল ভাগ করে নেবে, নয়তো পাকিস্তান নিজের ভাগের ছয়টি নদীর সব ক’টি থেকেই জল নিয়ে নেবে।” তাঁর দাবি, ভারত এই চুক্তিকে অকার্যকর ঘোষণা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
তিনি আরও বলেন, “সিন্ধু জল চুক্তি কোনওভাবেই একতরফাভাবে স্থগিত করা যায় না। এই চুক্তি আজও বৈধ এবং পাকিস্তান-ভারত উভয়ের জন্য বাধ্যতামূলক। রাষ্ট্রসংঘের নিয়ম অনুযায়ী একতরফাভাবে জল সরবরাহ বন্ধ করাও অবৈধ।”
তবে বক্তব্যে একতরফা হুঁশিয়ারির পাশাপাশি আলোচনা ও সহযোগিতার কথাও বলেন তিনি। “যদি ভারত ও পাকিস্তান একে অপরের সঙ্গে আলোচনা না করে, এবং সন্ত্রাসবাদ বিরোধী কোনও সমন্বয় না হয়, তাহলে দুই দেশের মধ্যে হিংসা আরও বাড়বে,” এমনটাই বলেন বিলাওয়াল।
ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ হয়নি। তবে সরকার আগেই জানিয়ে দিয়েছে, একের পর এক জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানের প্রতি জল সংক্রান্ত কোনও ‘বিশ্বাসযোগ্যতা’ বজায় রাখা সম্ভব নয়। ফলে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে ভারত অনড়।