Weather: ফের ঘনাচ্ছে নিম্নচাপ, বঙ্গে ফিরছে বর্ষা, ঝমঝমিয়ে বৃষ্টি নামবে জেলায় জেলায়

দক্ষিণবঙ্গে বর্ষা যেন এক ‘ব্রেক জার্নি’তে আটকে পড়েছিল। প্রবেশ করার পরও টানা বৃষ্টির দেখা মেলেনি, বরং ভরা বর্ষাতেও ভ্যাপসা গরম ছিল নিত্যসঙ্গী। তবে এবার আবহাওয়াবিদরা সুখবর শোনাচ্ছেন – বর্ষা তার ছন্দ ফিরে পেতে চলেছে। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নতুন সিস্টেম তৈরি হচ্ছে, যা চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। এই নতুন সিস্টেমের প্রভাবে ঝিমিয়ে পড়া বর্ষা দক্ষিণবঙ্গে আবারও সক্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সাধারণত, মৌসুমী অক্ষরেখা স্থান পরিবর্তন করলে বর্ষার গতি কমে যায়। এরপর সমুদ্রে নতুন কোনো সিস্টেম তৈরি হলেই মৌসুমী বায়ু পুনরায় সক্রিয় হয়। উল্লেখ্য, গত ২৯ মে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা আগে। কয়েকদিন টানা বৃষ্টির পর সাময়িকভাবে বর্ষার বাতাস শক্তি হারিয়েছিল। এরপর কিছুটা দেরিতে, গত ১৭ জুন দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটলেও এর গতি কমে যায়। যদিও বৃষ্টি কমলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ ও বৃষ্টির আবহ বজায় ছিল, কিন্তু বাতাসে উচ্চ আপেক্ষিক আর্দ্রতা দক্ষিণবঙ্গবাসীকে গলদঘর্ম করে তুলেছিল।

রবিবার দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়া সুস্পষ্ট নিম্নচাপ কিছু জেলায় কয়েক পশলা বৃষ্টি এনে দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বর্ষার বৃষ্টি শুরু হবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে।

আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বর্ষণের সম্ভাবনাও আছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৫ জুন সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে, তবে বুধবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি থাকছে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ার জন্যও প্রযোজ্য। বুধবার হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি। সোমবারও আবহাওয়ায় খুব বেশি তারতম্য অনুভূত হবে না।